Logo

বিতর্কের জেরে অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
৭ নভেম্বর, ২০২৬, ১৮:৫৪
বিতর্কের জেরে অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ‘ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমনি। সাংবাদিকদের প্রতিবাদের মুখে অনুষ্ঠানটির অতিথি তালিকা থেকে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। শনিবার (৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তারা।

বিজ্ঞাপন

আয়োজক কমিটির ভাষ্য অনুযায়ী, ঢাকা আদালত চত্বরে সাংবাদিকের সঙ্গে পরীমনির বিতর্কিত ঘটনার ১৭ দিন আগেই তার সঙ্গে অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীর প্রতি অসম্মানজনক আচরণের অভিযোগ এবং চট্টগ্রামের সাংবাদিকদের তীব্র প্রতিবাদের পরিপ্রেক্ষিতে তাকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ক্ষেত্রে সাংবাদিকদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে আয়োজক কমিটি।

এর আগে গত শুক্রবার রাতে পরীমনি তার ফেসবুক আইডিতে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’-এর একটি পোস্টার শেয়ার করে লেখেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে পরীমনির ওয়াল থেকে পোস্টারটি নিয়ে এক সাংবাদিক লেখেন, ‘এই প্রোগ্রামের আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সহকর্মী দৈনিক সমকালের রবির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে, তার মায়ের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি মিটমাট না করলে আপনারা বিকল্প অতিথি খুঁজে নিন।’

মুহূর্তেই বিষয়টি চট্টগ্রামে কর্মরত গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। ফলে আয়োজকরা পরীমনিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

বিজ্ঞাপন

এদিকে সিদ্ধান্ত পরিবর্তনের পর পরীমনিকে ছাড়াই অনুষ্ঠানের নতুন পোস্টার প্রকাশ করেছেন আয়োজকরা। আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের খুলশী থানাধীন একটি কমিউনিটি সেন্টারে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD