কাল মানিক মিয়া অ্যাভিনিউ মাতাবেন নগরবাউল জেমস

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বসছে জনপ্রিয় সাত ব্যান্ডের জমজমাট কনসার্ট। ‘কনসার্ট ফর সলিডারিটি’ শিরোনামের এই আয়োজনে একই মঞ্চে গান শোনাবেন রকস্টার জেমসসহ দেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর শিল্পীরা। সংগীতপ্রেমীদের জন্য সবচেয়ে বড় সুখবর, উন্মুক্ত এই কনসার্ট উপভোগ করতে কোনো টিকিট লাগবে না।
বিজ্ঞাপন
আগামী শনিবার (৭ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে এই সংগীত আয়োজন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত কনসার্টে নগরবাউল জেমসের পাশাপাশি পারফর্ম করবে ওয়ারফেজ, মাইলস, শিরোনামহীন, আর্টসেল, মেকানিক্স ও ফিডব্যাক।
আয়োজকদের তথ্য অনুযায়ী, বিকেল ৩টা থেকে দর্শকদের জন্য ভেন্যুর প্রবেশপথ খুলে দেওয়া হবে। মূল অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায়। প্রায় সাত ঘণ্টার এই সংগীত উৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে।
কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে উচ্ছ্বাস ভাগ করে নিয়েছেন জেমস। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় বন্ধুরা, দেখা হবে….জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, ৭ নভেম্বর, মানিক মিয়া অ্যাভিনিউতে।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যদিকে, কনসার্টে অংশ নেওয়ার খবর জানিয়ে শ্রোতাদের আমন্ত্রণ জানিয়েছে ব্যান্ড ওয়ারফেজও। ব্যান্ডটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘একটি শহর, একটি মঞ্চ, সাতটি আইকনিক সংগীত পরিবেশনা। ঐক্য ও সংহতির এক অনন্য চেতনা। প্রস্তুত হোন এক অবিস্মরণীয় সংগীত আয়োজনের জন্য। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে সংগীতের সুরে উদযাপিত হবে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন।’
উল্লেখ্য, গত দুই বছরে দেশে উন্মুক্ত স্থানে বড় পরিসরে কনসার্ট আয়োজনের সংখ্যা তুলনামূলকভাবে কমেছে। নিরাপত্তাজনিত বিভিন্ন কারণে বাতিলও হয়েছে বেশ কিছু সংগীতানুষ্ঠান। এমন পরিস্থিতিতে জেমসসহ দেশের সাত জনপ্রিয় ব্যান্ডকে একই মঞ্চে দেখার সুযোগ সংগীতপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
বিজ্ঞাপন








