শাকিব খানের নায়িকা হচ্ছেন পাকিস্তানের কিনজা হাশমী

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এ নায়িকা হিসেবে যুক্ত হচ্ছেন পাকিস্তানের মডেল ও অভিনেত্রী কিনজা হাশমী। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে। তবে এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়নি সিনেমাটির পরিচালক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান।
বিজ্ঞাপন
দীর্ঘ ২৭ বছরের ক্যারিয়ারে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন দেশ-বিদেশের ৭০ জনের বেশি অভিনেত্রী। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে কিনজা হাশমীর নাম।
গত অক্টোবরের প্রথম সপ্তাহে ‘মহব্বত’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এরপর থেকেই শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়। শুরুতে পাকিস্তানের কয়েকজন জনপ্রিয় অভিনেত্রীর নাম আলোচনায় আসে। তাদের মধ্যে ছিলেন হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান সেলিম। তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, তাদের কেউ নন, শাকিবের নতুন নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন কিনজা হাশমী।
নায়িকা নির্বাচনের বিষয়টি চূড়ান্ত হলেও আপাতত তার পরিচয় প্রকাশ করতে চাইছে না প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া। জানা গেছে, জমকালো আয়োজনের মাধ্যমে শাকিবের নতুন নায়িকাকে পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এ কারণেই ‘মহব্বত’-এর প্রথম পোস্টারে রাখা হয়েছে রহস্য। পোস্টারে শাকিবের পাশে লাল ওড়না ও সাদা সালোয়ার-কামিজ পরা এক নারীর হাত দেখা গেলেও আড়াল করা হয়েছে তার মুখ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ কিনজা হাশমী। ২০১৪ সালে অভিনয়জগতে যাত্রা শুরু করেন তিনি। টেলিভিশন নাটকে নিয়মিত কাজের মধ্য দিয়ে ধীরে ধীরে দর্শকদের কাছে পরিচিতি পান। ‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। এরপর ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’-এর মতো নাটকে অভিনয় করেছেন তিনি। টেলিছবি ‘রূপোশ’-এও দেখা গেছে তাকে।
টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন কিনজা। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও পরিচিতি রয়েছে তার। বাংলাদেশের সিনেমায় যুক্ত হলে এটি হবে তার ক্যারিয়ারের নতুন অধ্যায়।
শাকিব খানের বিপরীতে বিদেশি অভিনেত্রীর অভিনয় অবশ্য নতুন ঘটনা নয়। এর আগে কলকাতার শ্রাবন্তী, পাওলি দাম, শুভশ্রী, স্বস্তিকা, সায়ন্তিকা, ইধিকা পাল, দর্শনা বণিক ও মিমি চক্রবর্তীর সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি। এ ছাড়া বলিউডের সৌনাল চৌহানসহ বিভিন্ন দেশের অভিনেত্রীও শাকিবের নায়িকা হয়েছেন।
বিজ্ঞাপন
শাকিব খান ও হিমেল আশরাফ জুটির আগের দুই সিনেমাতেও ছিলেন বিদেশি অভিনেত্রী। ‘প্রিয়তমা’য় শাকিবের বিপরীতে অভিনয় করেন কলকাতার ইধিকা পাল। সিনেমাটি মুক্তির পর বাংলাদেশের দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পান তিনি। অন্যদিকে এই জুটির দ্বিতীয় সিনেমা ‘রাজকুমার’-এ শাকিবের নায়িকা ছিলেন যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী কোর্টনি কফি। এবার ‘মহব্বত’-এ পাকিস্তানের কিনজা হাশমীকে যুক্ত করার মধ্য দিয়ে সেই ধারাবাহিকতা বজায় রাখতে যাচ্ছেন নির্মাতারা।
জানা গেছে, আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে পারে ‘মহব্বত’-এর শুটিং। পরিকল্পনা অনুযায়ী, শুটিং শেষে ২০২৭ সালের ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দেওয়ার কথা রয়েছে।








