Logo

মুক্তির আগেই শাহরুখের ‘কিং’-এর আয় ৬৬৫ কোটি!

profile picture
বিনোদন ডেস্ক
৩ নভেম্বর, ২০২৬, ১৬:৪০
মুক্তির আগেই শাহরুখের ‘কিং’-এর আয় ৬৬৫ কোটি!
ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ মুক্তির আগেই ব্যবসায় বড় চমক দেখাচ্ছে। চলতি বছরের ডিসেম্বরে বিশ্বজুড়ে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি বিভিন্ন স্বত্ব বিক্রি করে ইতোমধ্যে ৬৬৫ কোটি রুপি আয় করেছে বলে জানিয়েছে চলচ্চিত্র বাণিজ্যবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্ক।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব বিক্রি হয়েছে ১৭৫ কোটি রুপিতে। ভারতের বাইরে ‘কিং’ পরিবেশনার দায়িত্ব নিয়েছে ফার্স ফিল্মস। প্রতিষ্ঠানটি এ স্বত্বের জন্য ১৭৫ কোটি রুপির ন্যূনতম গ্যারান্টি (মিনিমাম গ্যারান্টি) দিয়েছে।

ভারতীয় কোনো সিনেমার বিদেশি পরিবেশনা স্বত্বের ক্ষেত্রে এটিকে সর্বোচ্চ অঙ্কের ন্যূনতম গ্যারান্টি বলে মনে করা হচ্ছে। এর আগে এ ধরনের কোনো চুক্তির অঙ্ক ১০০ কোটি রুপি ছাড়ায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারতের অভ্যন্তরীণ বাজারে সিনেমাটির প্রেক্ষাগৃহে পরিবেশনার স্বত্ব ২৫০ কোটি রুপিতে কিনেছে পেন মারুধর। পিঙ্কভিলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া ওটিটি স্বত্ব নেটফ্লিক্স কিনেছে ১৫০ কোটি রুপিতে বলে খবর। স্যাটেলাইট স্বত্ব বিক্রি হয়েছে ২৫ কোটি এবং সংগীতস্বত্ব ৬৫ কোটি রুপিতে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে নেটফ্লিক্সের সঙ্গে চুক্তিতে বিশেষ শর্ত রয়েছে। প্রেক্ষাগৃহে সিনেমাটির ব্যবসার ওপর নির্ভর করে ওটিটি স্বত্বের চূড়ান্ত মূল্য বাড়তে বা কমতে পারে। সব স্বত্ব বিক্রির হিসাব মিলিয়ে মুক্তির আগেই ‘কিং’-এর আয় ৬৬৫ কোটি রুপিতে পৌঁছেছে বলে দাবি করা হচ্ছে।

সিনেমাটির নির্মাণব্যয়ও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। শুরুতে ‘কিং’-এর বাজেট ধরা হয়েছিল প্রায় ২০০ কোটি রুপি। তবে পরিকল্পনায় পরিবর্তন আসায় এখন নির্মাণব্যয় প্রায় ৪০০ কোটি রুপিতে দাঁড়িয়েছে। শাহরুখ খানের পারিশ্রমিক যুক্ত হলে মোট ব্যয় প্রায় ৫০০ কোটি রুপি হতে পারে।

বিজ্ঞাপন

এ হিসাবে সিনেমাটিকে বাণিজ্যিকভাবে সফল হতে বড় অঙ্কের আয় করতে হবে। মুক্তির আগেই স্বত্ব বিক্রির মাধ্যমে পাওয়া অর্থ সেই সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

এর আগে পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ সিনেমায় অভিনয় করেছিলেন শাহরুখ খান। ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার সাফল্য পায়। এবার ‘কিং’-এ শাহরুখের সঙ্গে পর্দায় থাকছেন তার মেয়ে সুহানা খান। আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, কারিনা কাপুর, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল, সৌরভ শুক্লা ও ববি দেওলসহ একঝাঁক তারকা। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘কিং’-এর।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD