Logo

দেখা না দিয়ে থাকতে পারলেন না শাহরুখ

profile picture
বিনোদন ডেস্ক
৩ নভেম্বর, ২০২৬, ১৩:০১
দেখা না দিয়ে থাকতে পারলেন না শাহরুখ
ছবি: সংগৃহীত

আসন্ন সিনেমা ‘কিং’-এর শেষ পর্যায়ের কাজ নিয়ে ব্যস্ত শাহরুখ খান। অন্যদিকে, মুম্বাইয়ের তাঁর বাড়ি মান্নাতে চলছে সংস্কারকাজ। এসব কারণে ধারণা করা হয়েছিল, ৬১তম জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা নাও হতে পারে বলিউড বাদশাহর। এমন খবরে মন খারাপ হয়েছিল প্রিয় তারকার অপেক্ষায় থাকা অনুরাগীদের।

বিজ্ঞাপন

তবে শেষ পর্যন্ত ভক্তদের হতাশ করেননি শাহরুখ। ২ নভেম্বর জন্মদিনের সন্ধ্যায় মান্নাতের বারান্দায় এসে তাঁদের সঙ্গে দেখা করেন তিনি। মধ্যরাত থেকেই অপেক্ষায় থাকা ভক্তদের উদ্দেশে জানান শুভেচ্ছা ও ভালোবাসা।

খবর অনুযায়ী, বন্ধু ও পরিবারের সঙ্গে তাজ হোটেলে জন্মদিন উদ্‌যাপন করেন অভিনেতা। পরে সন্ধ্যায় মান্নাতে ফিরে বাড়ির বারান্দায় হাজির হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সাদা টি-শার্ট ও জিনস পরা শাহরুখ ভক্তদের দিকে হাত নাড়ছেন এবং উড়ন্ত চুমু দিচ্ছেন। চিরচেনা ভঙ্গিতে দুই হাত প্রসারিত করে দাঁড়ানোর পাশাপাশি সালাম ও নমস্কার জানিয়ে অভিবাদনও জানান তিনি। এ সময় উপস্থিত ভক্ত ও আলোকচিত্রীরা তাঁকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দীর্ঘ অপেক্ষার পর শাহরুখকে বহনকারী গাড়ির বহর মান্নাতের দিকে যেতে দেখা যায়। নিরাপত্তার কথা বিবেচনা করে বাড়ির সামনের সড়কে আগেই ব্যারিকেড বসিয়েছিল মুম্বাই পুলিশ। পরে সন্ধ্যার অন্ধকারে মান্নাতের বিশেষভাবে তৈরি মঞ্চে উপস্থিত হন অভিনেতা। বাড়িতে চলমান সংস্কারকাজের মধ্যেও ভক্তদের সঙ্গে দেখা করার এই আয়োজন তাঁদের আনন্দ বাড়িয়ে দেয়।

শাহরুখের জন্মদিন ঘিরে দিনভর নানা কর্মসূচি পালন করেন অনুরাগীরা। কেউ জুহুর একটি রেস্তোরাঁয় কেক কেটে উদ্‌যাপন করেন, আবার কেউ মান্নাতের সামনে তাঁর বড় বড় পোস্টার নিয়ে হাজির হন। নাচ ও গানে মেতে ওঠেন ভক্তরা। পাশাপাশি শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর ‘তু মিল জায়ে’ গানটি একসঙ্গে উপভোগ করেন তাঁরা। জন্মদিনের প্রথম প্রহরে সামাজিক মাধ্যমে গানটি প্রকাশ করে ভক্তদের চমকে দেন অভিনেতা। গানটিতে দীপিকা পাড়ুকোনকেও দেখা গেছে।

এদিকে শাহরুখের ৬১তম জন্মদিনে বলিউডের বহু তারকা শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন কারিনা কাপুর, কাজল, অজয় দেবগন, অ্যাটলি, রিতেশ দেশমুখ, ফারাহ খান ও শিল্পা শেঠি।

জেবি/আরএক্স/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD