দেড় দশক পর একসঙ্গে শাহরুখ-কারিনা

দীর্ঘ প্রায় ১৫ বছর পর আবারও একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে শাহরুখ খান ও কারিনা কাপুর খানকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার একটি বিশেষ গানে অংশ নিতে যাচ্ছেন কারিনা। এর মধ্য দিয়ে ‘রা. ওয়ান’ (২০১১) সিনেমার পর ফের একসঙ্গে পর্দায় হাজির হবেন বলিউডের জনপ্রিয় এই দুই তারকা।
বিজ্ঞাপন
ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পিঙ্কভিলা। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ‘কিং’ সিনেমায় ‘ড্যাডি কুল’ নামের একটি বিশেষ গানে শাহরুখের সঙ্গে দেখা যাবে কারিনাকে। বড় আয়োজনের এই গানটি সিনেমাটির অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্রের দাবি, চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় গানটির শুটিংয়ে অংশ নেবেন কারিনা। এ কাজের জন্য অভিনেত্রী প্রায় পাঁচ দিন সময় দিয়েছেন। গানটির দৃশ্যায়নও হবে বড় পরিসরে।
এদিকে গানটি কে গেয়েছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে গুঞ্জন রয়েছে, আন্তর্জাতিক সংগীত তারকা এড শিরান গানটিতে কণ্ঠ দিয়েছেন। যদিও এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
‘ড্যাডি কুল’ গানে শাহরুখ ও কারিনাকে একেবারেই ভিন্ন এক লুকে দেখা যেতে পারে বলেও জানা গেছে। এর আগে ‘কাভি খুশি কাভি গম’ ও ‘ডন’-এর মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। ফলে দীর্ঘ বিরতির পর ‘কিং’-এ তাদের পুনর্মিলন দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
অন্যদিকে, শাহরুখ খানের জন্মদিন ২ নভেম্বরকে ঘিরে ‘কিং’ সিনেমার নতুন কোনো ঝলক প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। ধারণা করা হচ্ছে, ওই সময় থেকেই সিনেমাটির প্রচারণায় নতুন গতি আসতে পারে। ফলে ভক্তদের নজর এখন ২ নভেম্বরের দিকে।
বিজ্ঞাপন
‘কিং’ সিনেমায় শাহরুখের পাশাপাশি অভিনয় করেছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি ও রাঘব জুয়ালসহ আরও অনেকে।








