Logo

জনপ্রিয় জুটি নিশো-মেহজাবীনের বড়পর্দায় অভিষেক, আসছে পুলসিরাত

profile picture
বিনোদন প্রতিবেদক
৬ অক্টোবর, ২০২৬, ১৯:৩৪
জনপ্রিয় জুটি নিশো-মেহজাবীনের বড়পর্দায় অভিষেক, আসছে পুলসিরাত
ছবি: সংগৃহীত

টেলিভিশন নাটকে জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী এবার একসঙ্গে বড়পর্দায় অভিষেক করতে যাচ্ছেন। তাদের নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘পুলসিরাত’। সিনেমাটি নির্মাণ করবেন নাটক ও ওয়েব কনটেন্টের আলোচিত নির্মাতা ভিকি জাহেদ। এই সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তারও।

বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারিতে ‘পুলসিরাত’ নামটি নিবন্ধন করা হয়েছিল। এরপর থেকেই সিনেমাটি নিয়ে আলোচনা থাকলেও নিশো ও মেহজাবীনের অভিনয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আসেনি।

সোমবার (৫ অক্টোবর) রাতে প্রযোজক শাহরিয়ার শাকিলের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিকে ঘিরে নতুন করে আলোচনায় আসে সিনেমাটি। ছবিতে শাহরিয়ার শাকিলের সঙ্গে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে দেখা যায়। এরপরই তাদের ‘পুলসিরাত’-এ যুক্ত হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা জোরালো হয়।

প্রযোজনা সংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সিনেমাটির প্রি-প্রডাকশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। সব প্রস্তুতি শেষ করে আগামী জানুয়ারির শুরুতে শুটিংয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। টানা প্রায় এক মাস শুটিং করে দৃশ্যধারণ শেষ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

শুটিং শেষে ফেব্রুয়ারিতে পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী রোজার ঈদে মুক্তি পেতে পারে ‘পুলসিরাত’। সে হিসেবে মার্চে বড়পর্দায় প্রথমবারের মতো জুটি হিসেবে দেখা যেতে পারে নিশো-মেহজাবীনকে।

নিশো-মেহজাবীনের বড়পর্দায় অভিষেকের পাশাপাশি ‘পুলসিরাত’ ভিকি জাহেদের ক্যারিয়ারেও নতুন অধ্যায়ের সূচনা করবে। নাটক ও ওয়েব কনটেন্টে নিজস্ব নির্মাণশৈলীর কারণে আলোচিত এই নির্মাতার প্রথম সিনেমা হতে যাচ্ছে এটি।

সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রযোজনায় সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি আলোচিত সিনেমা মুক্তি পেয়েছে। ফলে ‘পুলসিরাত’ নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ভিকি জাহেদের নির্মাণে ‘পুনর্জন্ম’, ‘চিরকাল আজ’ ও ‘রেডরাম’-এর মতো নাটক ও ওয়েব কনটেন্টে একসঙ্গে কাজ করেছেন নিশো ও মেহজাবীন। এবার সেই পরিচিত জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে সিনেমার পর্দায়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD