Logo

মা হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ

profile picture
বিনোদন ডেস্ক
২১ নভেম্বর, ২০২৬, ১৯:০৬
মা হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ
ফাইল ছবি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। ঢাকার একটি হাসপাতালে সন্তানের জন্ম হয় তাঁর। ছেলের নাম রাখা হয়েছে ওহী বিন ওয়াদুদ। নতুন অতিথির আগমনে বদলে গেছে অভিনেত্রীর প্রতিদিনের জীবনযাপন। এখন সন্তানকে ঘিরেই কাটছে তাঁর বেশির ভাগ সময়।

বিজ্ঞাপন

মা হওয়ার খবর নিশ্চিত করে মৌসুমী হামিদ বলেন, ‘মা হয়েছি। কিন্তু আমাদের ব্যক্তিগত কিছু কারণে তারিখটা বলতে চাই না।’ মাতৃত্বের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি জানান, জীবনের এই বিশেষ মুহূর্তের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছেন। সন্তানকে প্রথম দেখা ও স্পর্শ করার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।

অভিনেত্রীর ভাষায়, ‘জীবনের এই সময়ের জন্য বহু প্রতীক্ষা করেছি। সন্তানকে প্রথম দেখা, স্পর্শ করা-এই অনুভূতি বোঝানো কঠিন। এখন শুধু এটাই মনে হচ্ছে, দারুণ সময় কাটছে। ছেলের সঙ্গে আমি নিজেকে মানিয়ে নিচ্ছি। ছেলের ঘুমানো, খাওয়ার সঙ্গেই আমার রুটিন। এমনও হয়, দুই ঘণ্টাও ঘুমানোর সময় পাই না।’

সন্তান জন্মের পর প্রথম দুই দিন ছেলেকে ভালোভাবে দেখার সুযোগ হয়নি মৌসুমীর। পরে যখন কাছ থেকে দেখেছেন, তখন সন্তানের চেহারায় নিজের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন তিনি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘প্রথম দিন বুঝতে পারছিলাম, নড়াচড়া করছে। হাত-পা নাড়াচ্ছে। পরে যখন ভালো করে দেখলাম, তখন দেখি ছেলে আমার মতো হয়েছে। ছেলেটা সুস্থ থাকুক, ভালো থাকুক-এজন্য সবার কাছে দোয়া চাই।’

বিজ্ঞাপন

নতুন জীবনের এই অধ্যায়ে স্বামী আবদুল ওয়াদুদ, শাশুড়ি এবং পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন মৌসুমী। পরিবারের সবার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।

গত জুলাইয়ে মা হতে যাওয়ার সুখবর ভক্তদের জানিয়েছিলেন এই অভিনেত্রী। একই সময়ে স্বামী আবদুল ওয়াদুদকেও সবার সামনে পরিচয় করিয়ে দেন। তখন মৌসুমী জানান, তাঁদের সম্পর্কের শুরু দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে। ১৪ বছরের পরিচয়ের পর দুজনের চিন্তাভাবনায় মিল থাকায় বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পান মৌসুমী হামিদ। এক যুগেরও বেশি সময় ধরে নাটকে অভিনয় করছেন তিনি। টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টেও কাজ করেছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

তবে আপাতত অভিনয় থেকে বিরতি নিচ্ছেন মৌসুমী। এই সময়ের পুরোটা সন্তানকে দিতে চান তিনি। নিয়মিত অভিনয়ের প্রস্তাব পেলেও এখনই কাজে ফিরতে আগ্রহী নন। এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘অনেকেই নিয়মিত অভিনয় করার প্রস্তাব দেন। কিন্তু এখন আমি সন্তানকে নিয়ে থাকতে চাই। আপাতত অভিনয় করতে পারব। আরও কয়েক মাস বিরতি নিয়ে অভিনয় শুরু করব।’

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD