সংগীতের স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছেন তরুণ শিল্পী নুসরাত

গানের প্রতি গভীর ভালোবাসা আর নিজের প্রতিভার ওপর অগাধ বিশ্বাস নিয়ে সংগীতাঙ্গনে এগিয়ে যেতে চান তরুণ শিল্পী নুসরাত বিনতে নূর। পারিবারিক প্রতিবন্ধকতা, ব্যক্তিগত প্রতিকূলতা ও নানা বাধা পেরিয়ে আবারও গানের জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করতে প্রত্যয়ী তিনি। সংগীতকে জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে করা নুসরাতের স্বপ্ন শুধু একজন প্রতিষ্ঠিত কণ্ঠশিল্পী হওয়া নয়, মডেলিং ও অভিনয়েও নিজের প্রতিভা তুলে ধরা।
বিজ্ঞাপন
নুসরাতের পৈতৃক নিবাস বরিশাল বিভাগের বাকেরগঞ্জে। তবে তার জন্ম ও বেড়ে ওঠা ফরিদপুরে, নানাবাড়িতে। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক আবহে বড় হয়েছেন তিনি। সংগীতের প্রতি ভালো লাগার প্রথম অনুপ্রেরণা পেয়েছেন মায়ের কাছ থেকে। তার মা সুন্দরভাবে ইসলামিক গজল পরিবেশন করতেন। মায়ের কণ্ঠে গান শুনতে শুনতেই নুসরাতের মনে সংগীতের প্রতি ভালোবাসা জন্ম নেয়।
ফরিদপুর গার্লস স্কুলে পড়াশোনার সময় থেকেই গানের চর্চা শুরু করেন তিনি। দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় টেলিভিশনে একটি গান দেখে শিখে প্রথম কাভার করেন ‘বাবা বলেছিল আর কোনোদিন গান করোনা’। গানটি তার মায়েরও বেশ পছন্দ ছিল। ছোট বয়স থেকেই সুর ও তালের সঙ্গে মিল রেখে গান পরিবেশনের সহজাত দক্ষতা নুসরাতকে সংগীতচর্চায় আরও উৎসাহিত করে।
তবে সংগীতের পথে তার যাত্রা সব সময় সহজ ছিল না। বিভিন্ন সময়ে কিছু মানুষের নেতিবাচক আচরণ ও প্রতিকূল পরিস্থিতির কারণে সাময়িকভাবে গান থেকে দূরে সরে যেতে হয়েছিল তাকে। কিন্তু সংগীতের প্রতি ভালোবাসা তাকে বেশিদিন দূরে থাকতে দেয়নি। সব বাধা অতিক্রম করে আবারও গানের জগতে ফিরে এসেছেন এই শিল্পী।
বিজ্ঞাপন
গজল ও মৌলিক গানেই তৈরি হচ্ছে পরিচিতি
নুসরাতের কণ্ঠে পরিবেশিত ‘শাহে মদিনা’ গজলটি শ্রোতাদের মধ্যে পরিচিতি পেয়েছে। পাশাপাশি নিজের লেখা গান ‘কবুল করে নাও’ প্রকাশের পর ২০২৩ সালে বেশ ভালো সাড়া পান তিনি। গানটি শ্রোতাদের প্রশংসা অর্জনের পাশাপাশি ইউটিউব মালিক সমিতির পক্ষ থেকে পুরস্কারও পেয়েছে।
ব্যক্তিগত কিছু প্রতিকূলতার কারণে একসময় গানটি ইউটিউব থেকে সরিয়ে নিতে হয়েছিল। তবে নতুন করে সংগীতচর্চায় ফেরার পর নিজের নতুন চ্যানেলে গানটি আবারও প্রকাশ করেছেন তিনি।
বিজ্ঞাপন
বাংলা গজলের পাশাপাশি উর্দু ভাষাতেও বেশ কয়েকটি গজল পরিবেশন করেছেন নুসরাত। তার পেশাদার সংগীতকাজের উল্লেখযোগ্য অংশ সম্পন্ন হয়েছে ফেমাস টিউনে। এসব গানের মাস্টারিংয়ের দায়িত্বে ছিলেন মোহাম্মদ পিয়াস।
২০২৬ সালেও সংগীতচর্চায় সক্রিয় রয়েছেন এই শিল্পী। এ বছর তিনটি পরিচিত গান নতুন করে কাভার করেছেন তিনি। গানগুলো হলো—‘ওহে শ্যাম’, ‘মনের ভিতরে মনের বাহিরে’ এবং ‘আমার দিনগুলো সব যায় হারিয়ে’। মূল গানগুলোর সঙ্গে যুক্ত শিল্পীদের মধ্যে রয়েছেন মনির খান, ন্যান্সি, কনা, ইমরান মাহমুদ ও হাবিব ওয়াহিদ।
গানই জীবনের সবচেয়ে বড় স্বপ্ন
বিজ্ঞাপন
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নুসরাত জানান, গানই তার ধ্যান-জ্ঞান। সংগীত নিয়েই সারাজীবন বেঁচে থাকতে চান তিনি। পাশাপাশি মডেলিং ও অভিনয়ের ক্ষেত্রেও কাজ করার আগ্রহ রয়েছে তার।
নিজের এই স্বপ্ন পূরণের পথে মাকে সবচেয়ে বড় অনুপ্রেরণা ও সমর্থনদাতা হিসেবে দেখেন নুসরাত। তবে পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী সহযোগিতা না পেলেও নিজের লক্ষ্য থেকে সরে দাঁড়াতে রাজি নন তিনি।
নুসরাতের বিশ্বাস, আন্তরিক প্রচেষ্টা, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে জীবনের কঠিন বাধাও অতিক্রম করা সম্ভব। প্রতিকূলতাকে পেছনে ফেলে ভালো কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেওয়াই এখন তার প্রধান লক্ষ্য।
বিজ্ঞাপন
সংগীতের প্রতি ভালোবাসা, নিজের প্রতিভা বিকাশের প্রত্যয় এবং ভবিষ্যৎ নিয়ে নানা স্বপ্ন বুকে ধারণ করে এগিয়ে যেতে চান নুসরাত বিনতে নূর। নিজের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সবার ভালোবাসা, সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করছেন এই তরুণ শিল্পী। তার সংগীতযাত্রার জন্য রইল আন্তরিক শুভকামনা।








