Logo

নব্বইয়ের দশকের গল্পে ছোট পর্দায় অভিষেক হচ্ছে কোয়েলের

profile picture
বিনোদন ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬, ১৩:৩৩
নব্বইয়ের দশকের গল্পে ছোট পর্দায় অভিষেক হচ্ছে কোয়েলের
ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক এবার অভিনয়জীবনে নতুন অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছেন। বড় পর্দায় দীর্ঘদিন ধরে বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পাওয়া এই অভিনেত্রী প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে যুক্ত হয়েছেন।

বিজ্ঞাপন

নব্বইয়ের দশকের স্মৃতিবিজড়িত গল্প নিয়ে নির্মিত ‘ডিয়ার ৯০’জ’ ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় নতুন পরিচয়ে হাজির হবেন তিনি।

সনি আটে প্রচারিত হতে যাওয়া এই ধারাবাহিকটি প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কোয়েল জানিয়েছেন, টেলিভিশনে কাজের অভিজ্ঞতা আগে থাকলেও কল্পকাহিনিনির্ভর কোনো ধারাবাহিকে এবারই প্রথম অভিনয় করছেন। মূলত গল্পের বিষয়বস্তু ও নব্বইয়ের দশকের স্মৃতিময় আবহ তাকে এই কাজের প্রতি আকৃষ্ট করেছে।

ধারাবাহিকটির গল্পে তুলে ধরা হবে এমন এক সময়ের চিত্র, যখন মানুষের জীবনে ইন্টারনেট ও স্মার্টফোনের প্রভাব ছিল না। প্রযুক্তির আধুনিকতা ছাড়াই মানুষের মধ্যে গড়ে উঠত আন্তরিক সম্পর্ক। সেই সময়ের জীবনযাপন, বন্ধুত্ব ও আবেগের নানা দিক উঠে আসবে গল্পে।

বিজ্ঞাপন

টেলিভিশন সম্পর্কে নিজের ভালো লাগার কথা জানিয়ে কোয়েল বলেন, ‘টেলিভিশনের প্রতি আমার প্রচণ্ড শ্রদ্ধা রয়েছে। অনেক বাড়িতেই সন্ধের সময়ে টিভি সিরিয়াল দেখার একটা অভ্যাস রয়েছে। দর্শকরা ধারাবাহিকের চরিত্রগুলোর সঙ্গে গভীর ভাবে জড়িয়ে পড়েন। টেলিভিশনের অভিনেতাদেরও তাঁরা পরিবারের সদস্যের মতো আপন করে নেন।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

‘ডিয়ার ৯০’জ’-এ কোয়েলকে দেখা যাবে অপরাজিতা নামের একজন লেখিকার ভূমিকায়। গল্পে অপরাজিতার লেখা ‘ডিয়ার ৯০’জ’ বইটি বেস্টসেলার হিসেবে পরিচিতি পেয়েছে। একপর্যায়ে নিজের স্কুলে ফিরে অতীতের স্মৃতিগুলো সবার সঙ্গে ভাগ করে নিতে চান তিনি। সেই স্মৃতিচারণের মধ্য দিয়েই দর্শক ফিরে যাবেন নব্বইয়ের দশকের দিনগুলোতে।

বিজ্ঞাপন

নিজের চরিত্র সম্পর্কে কোয়েল বলেন, ‘এই চরিত্রের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, অপরাজিতার ব্যক্তিগত স্মৃতির মধ্য দিয়েই উঠে আসে নব্বইয়ের দশকে বড় হয়ে ওঠার এক বৃহত্তর গল্প।’

তবে ধারাবাহিকটির প্রতিটি পর্বে কোয়েলের উপস্থিতি থাকবে না। গল্পে অপরাজিতার শৈশবের ঘটনাগুলো ফ্ল্যাশব্যাকে তুলে ধরার সময়ই তাকে দেখা যাবে।

এদিকে টেলিভিশনের নতুন কাজের পাশাপাশি চলচ্চিত্র নিয়েও ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী। মুক্তির অপেক্ষায় রয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘জননী’ এবং অন্নপূর্ণা বসুর ‘স্পর্ধা’। নতুন চলচ্চিত্র দুটি নিয়েও আশাবাদী কোয়েল। পাশাপাশি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিও রয়েছে তার বিশেষ আগ্রহ।

বিজ্ঞাপন

ছোট পর্দায় নতুন চরিত্রে কোয়েলের এই যাত্রা দর্শকদের কাছে কতটা সাড়া ফেলে, এখন সেটিই দেখার অপেক্ষা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD