পরীমনির মাদক মামলায় ফের পেছাল অভিযোগ গঠনের শুনানি

রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ ডিসেম্বর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলম শুনানির নতুন দিন ধার্য করেন। এদিন আদালতের কার্যক্রমে অংশ নিতে উপস্থিত ছিলেন পরীমনি। তাঁর পক্ষে শুনানি করেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত ছিল। তবে পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে হাজির হতে পারেননি পরীমনি। পরে তাঁর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১৭ নভেম্বর শুনানির নতুন তারিখ ঠিক করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। পরদিন ৫ আগস্ট বাহিনীটির পক্ষ থেকে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমনিসহ তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
বিজ্ঞাপন
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, পরীমনির বাসা থেকে উদ্ধার করা মাদকদ্রব্যের পক্ষে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিআইডিকে জানায়, ২০১৯-২০ অর্থবছরে পরীমনির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেটি আর কার্যকর ছিল না।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তদন্ত প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়, মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে মাদক সংগ্রহ করে নিজের বাসায় রাখতেন পরীমনি। মাদক পরিবহনের কাজে তাঁর ব্যক্তিগত গাড়ি ব্যবহারের অভিযোগও আনা হয়েছে।
২০২২ সালের ৫ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। একই বছরের ১ মার্চ উচ্চ আদালত রুল জারির পাশাপাশি পরীমনির ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরবর্তী সময়ে উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে মামলাটিতে আবারও অভিযোগ গঠনের শুনানির উদ্যোগ নেওয়া হয়।








