Logo

আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ নেতাসহ দুজন রিমান্ডে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৬, ১৫:৫১
আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ নেতাসহ দুজন রিমান্ডে
ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার দুজনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তাদের মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতাও রয়েছেন। বিস্ফোরণের পরিকল্পনা, ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত এবং তাদের সংশ্লিষ্টতা যাচাই করতে আসামিদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে পাঠানো দুই আসামি হলেন কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক মো. ফয়সাল এবং তার সহযোগী সুকুমার হাওলাদার।

এদিন কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। পরে রাজধানীর সূত্রাপুর থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় পুলিশের সাত দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ আসামিদের জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা তুলে ধরে রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি দেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের পাশাপাশি তাদের জামিনের আবেদন করেন।

বিজ্ঞাপন

উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত আসামিদের জামিন আবেদন নাকচ করেন। একই সঙ্গে পুলিশের সাত দিনের আবেদনের বিপরীতে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১০ নভেম্বর গ্রেপ্তার দুই ব্যক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। পরদিন ১১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) অনুপম দাস তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। শুনানির জন্য ১৬ নভেম্বর তারিখ নির্ধারণ করেছিলেন আদালত।

মামলার এজাহার অনুযায়ী, গত ৯ নভেম্বর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাতপরিচয় ২৫ থেকে ৩০ জন ব্যক্তি বিস্ফোরণ ঘটিয়ে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেন। পরে তারা মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সময় আদালতের প্রধান ফটকে দায়িত্ব পালনরত পুলিশ সদস্য এবং সেখানে উপস্থিত লোকজনের সহযোগিতায় ফয়সাল ও সুকুমারকে আটক করা হয়। তবে তাদের সঙ্গে থাকা অন্য ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

এ ঘটনায় পরদিন ১০ নভেম্বর পুলিশ বাদী হয়ে সূত্রাপুর থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করে। মামলাটির তদন্তে বিস্ফোরণের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার পেছনের বিস্তারিত তথ্য উদ্‌ঘাটনে এখন দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD