Logo

ধামরাইয়ে নাশকতার প্রস্তুতির অভিযোগে পাঁচ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

profile picture
উপজেলা প্রতিনিধি
ধামরাই, ঢাকা
১৫ নভেম্বর, ২০২৬, ১৬:২২
ধামরাইয়ে নাশকতার প্রস্তুতির অভিযোগে পাঁচ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে নাশকতা ও মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি অবিস্ফোরিত ককটেল ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। শনিবার ভোর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

রবিবার (১৫ নভেম্বর) গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে নিয়মিত মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বকচর এলাকার আমিনুর রহমানের ছেলে মো. শাকিবুল হাসান, ধামরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকার সেলিম হোসেনের ছেলে হিমেল হাসান, বাথুলি এলাকার খোরশেদ আলমের ছেলে রিপন হোসেন, গোপালগঞ্জের কাশিয়ানী থানার নবকৃষ্ণ বালার ছেলে দীপংকর বালা এবং একই থানার ধোপড়া গ্রামের লিটন বালার ছেলে লেলিন বালা। দীপংকর বালা ধামরাই মডেল টাউন এলাকার ছানোয়ার হোসেনের বাড়িতে এবং লেলিন বালা ধামরাই পৌরসভার দক্ষিণপাড়া এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি স্কেল এলাকায় ছাত্রলীগের একদল নেতা-কর্মী জড়ো হয়ে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ধামরাই থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালিয়ে গেলেও পাঁচজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে চারটি অবিস্ফোরিত ককটেল ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তারা সেখানে একত্রিত হয়েছিল। স্থানীয়দের সহযোগিতায় ৫ জন গ্রেপ্তার হয়। এই সময় তাদের কাছ থেকে ৪টি ককটেল ও তিনটি পেট্রোল বোমা পাওয়া যায়। পলাতক অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD