আট বছর পর চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন, উৎসবের আমেজে শঙ্কাও

দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন। ভোটকে কেন্দ্র করে শ্রীমঙ্গলসহ মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানে চলছে প্রচারণা। প্রার্থীদের তৎপরতা আর শ্রমিকদের উৎসাহ-উদ্দীপনায় বাগানগুলোতে ফিরেছে নির্বাচনী প্রাণচাঞ্চল্য।
বিজ্ঞাপন
নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়ে আনন্দিত শ্রমিকরা। তবে উৎসবমুখর পরিবেশের মধ্যেও নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়া নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে।
দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে চা শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ। তাঁদের প্রত্যাশা, নির্বাচিত নেতৃত্ব কেবল প্রতিশ্রুতি নয়, বাস্তবেও শ্রমিকদের পাশে দাঁড়াবে। নিশ্চিত করবে ন্যায্য মজুরি, উন্নত চিকিৎসাসেবা, শিক্ষার সুযোগ এবং মৌলিক অধিকার। একই সঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব ও অপপ্রচারের আশঙ্কা থাকায় প্রভাবমুক্ত পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের দাবি জানিয়েছেন শ্রমিকরা।
আগামী ২৮ নভেম্বর দেশের সাতটি ভ্যালির ২৩০টি চা বাগানে একযোগে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। এতে সারাদেশের ১ লাখ ৪৮ হাজার চা শ্রমিক ভোটাধিকার প্রয়োগ করবেন। ২৩০টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
বিজ্ঞাপন
জানা গেছে, সর্বশেষ ২০১৮ সালের ২৪ জুন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নানা জটিলতায় ২০২১ ও ২০২৪ সালে নির্ধারিত নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি। এবার একই দিনে নির্বাচিত হবেন বাগান পর্যায়ের পঞ্চায়েত কমিটি, সাতটি ভ্যালি এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রতিনিধিরা।
প্রচারণা চললেও প্রার্থীদের কাছে শ্রমিকদের অন্যতম দাবি হচ্ছে লিখিত নির্বাচনী ইশতেহার প্রকাশ। নির্বাচিত হলে শ্রমিকদের কল্যাণে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি চান তাঁরা। তবে এখন পর্যন্ত কোনো প্যানেলই তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেনি।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পংকজ কন্দ ও রাজু গোয়ালা। লটারিতে পংকজ কন্দ পেয়েছেন আনারস প্রতীক এবং রাজু গোয়ালা পেয়েছেন কাপ-পিরিচ প্রতীক।
বিজ্ঞাপন
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পরেশ কালিন্দী, নিপেন পাল ও মুকেশ কর্মকার। লটারিতে পরেশ কালিন্দী পেয়েছেন হরিণ, নিপেন পাল পেয়েছেন মোরগ এবং মুকেশ কর্মকার পেয়েছেন ফুটবল প্রতীক।
মহিলা চা শ্রমিক দুখিয়া রবিদাশ বলেন, আজ পর্যন্ত চা শ্রমিকদের কোনো ভূমির অধিকার দেওয়া হয়নি। শিক্ষা ও স্বাস্থ্যসেবার অবস্থা অত্যন্ত শোচনীয়। সিলেটের কোনো চা বাগানেই সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। নামে হাসপাতাল থাকলেও সেখানে বিশেষ কোনো আয়োজন নেই। প্রশিক্ষিত নার্স বা মিডওয়াইফেরও অভাব রয়েছে।
তিনি আরও বলেন, বছরের পর বছর পার হলেও অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করা হয় না। ওজনে ঠকানোসহ শ্রমিকদের সঙ্গে নানা ধরনের অনিয়ম করা হয়। সেকশনে খাবার পানি ও টয়লেট না থাকায় নারী শ্রমিকদের বিপাকে পড়তে হয়।
বিজ্ঞাপন
চা শ্রমিক ঐক্যের উপদেষ্টা সঞ্জয় দাস বলেন, নির্বাচনী ইশতেহারে শ্রমিকদের মৌলিক অধিকারসংক্রান্ত দাবিগুলো অন্তর্ভুক্ত করা যেতে পারে। এর মধ্যে রয়েছে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ এবং পূর্ণাঙ্গ রেশন ব্যবস্থা চালু করা।
তিনি বলেন, প্রতিটি ভ্যালির প্রতিটি বাগানে এমবিবিএস চিকিৎসক, প্রশিক্ষিত নার্স ও মিডওয়াইফ নিয়োগ এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে। চা শ্রমিকদের জন্য ভ্যালিতে ১০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণ, সিলেটে শ্রম আদালত স্থাপন, শ্রম আইনে চা শ্রমিকদের স্বার্থবিরোধী সব ধারা বাতিল এবং সব চুক্তি বাংলায় সম্পাদনের দাবি জানান তিনি।
সঞ্জয় দাস আরও বলেন, কোম্পানির লভ্যাংশে শ্রমিকদের প্রাপ্য নিশ্চিত করা এবং চা শ্রমিকদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি খেলার মাঠ ও ক্রীড়া সরঞ্জামের ব্যবস্থা করা প্রয়োজন।
বিজ্ঞাপন
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদপ্রার্থী পরেশ কালিন্দী বলেন, শ্রমিকরা তাঁদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবেন। নির্বাচিত প্রতিনিধিরা শ্রমিকদের ভাগ্যোন্নয়নে কাজ করবেন। তাঁর দাবি, নির্বাচনে রাজনৈতিক প্রভাব নেই এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে কোনো শঙ্কাও নেই।
অপর সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপেন পাল বলেন, আট বছর পর নির্বাচন ঘিরে চা শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। সৎভাবে শ্রমিকদের পাশে থাকলে তাঁরা যোগ্য প্রার্থীকে বেছে নেবেন।
শ্রীমঙ্গল শ্রম অধিদপ্তরের উপপরিচালক মহব্বত হোসাইন জানান, শ্রীমঙ্গল চা শ্রমিক অধ্যুষিত এলাকা হওয়ায় নির্বাচন ঘিরে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। এ নির্বাচনে উপজেলা নির্বাহী কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং পাঁচ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞাপন
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে চা বাগানগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে প্রশাসন কাজ করছে। সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।








