Logo

সূর্যোদয়ে অর্ঘ্য নিবেদন, ফুলবাড়ীতে দুই দিনের ছট পূজা সম্পন্ন

profile picture
উপজেলা প্রতিনিধি
ফুলবাড়ী, দিনাজপুর
১৬ নভেম্বর, ২০২৬, ১৫:০৪
সূর্যোদয়ে অর্ঘ্য নিবেদন, ফুলবাড়ীতে দুই দিনের ছট পূজা সম্পন্ন
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সূর্য পূজা বা ছট পূজা। সোমবার (১৬ নভেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ছোট যমুনা নদীর পূর্ব তীরে দুই দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন

রবিবার (১৫ নভেম্বর) বিকেলে নদীর পূর্ব তীরে শুরু হয় ছট পূজার আনুষ্ঠানিকতা। স্বামী, সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় সূর্য দেবতার আশীর্বাদ লাভের প্রত্যাশায় উপবাস থেকে পূজায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বী নারীরা।

নিজ নিজ বাড়ি থেকে কুলা ও ডালায় বিভিন্ন ফলমূল, ঘরে তৈরি মিষ্টি, মিষ্টান্ন, আটার লুচি, পুরি, ঠেকুয়া ও খাজতাসহ নানা ধরনের প্রসাদ সাজিয়ে নদীর তীরে নিয়ে আসেন তাঁরা। সূর্যের দিকে তাকিয়ে প্রার্থনা ও অর্ঘ্য নিবেদন করেন উপবাসী নারীরা। সূর্যাস্তের পর প্রসাদ নিয়ে বাড়ি ফিরে যান তাঁরা।

পরদিন সোমবার রাত দুইটার পর থেকে আবারও নদীর তীরে সমবেত হন পূজারিরা। কুলায় সাজানো প্রসাদ নিয়ে অপেক্ষা করেন সূর্যোদয়ের। সকালে সূর্য ওঠার পর নদীতে স্নান শেষে সূর্য দেবতার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করেন নারীরা। পূজার আনুষ্ঠানিকতা শেষে বিবাহিত নারীরা একে অপরকে সিঁদুর পরিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

বিজ্ঞাপন

ছট পূজাকে কেন্দ্র করে ছোট যমুনা নদীর তীরে দুই দিন ধরে সৃষ্টি হয় হিন্দু ধর্মাবলম্বীদের মিলনমেলা। নারী-পুরুষ ও শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পূজাস্থল।

ঢাক ও ঢাকির বাদ্যের তালে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় নদীর তীরে। আলোকসজ্জায় ঝলমলে হয়ে ওঠে পুরো পূজার এলাকা। পাশাপাশি কিশোর-কিশোরীদের আতশবাজি ও আলোর ঝলকানিতে উৎসবের আনন্দ আরও বেড়ে যায়।

ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী জয় প্রকাশ গুপ্ত ও সাধারণ সম্পাদক জয়রাম প্রসাদ বলেন, সূর্য উপাসনার এ উৎসব ভারতের বিহার, উত্তর প্রদেশ, ঝাড়খন্ডসহ নেপালের অবাঙালি হিন্দু ধর্মাবলম্বীরা পালন করে থাকেন। এর ধারাবাহিকতায় যুগ যুগ ধরে বাংলাদেশের বিভিন্ন স্থানেও স্থানীয়ভাবে সূর্য পূজা বা ছট পূজার আয়োজন হয়ে আসছে।

বিজ্ঞাপন

তাঁরা বলেন, এ পূজাকে কেন্দ্র করে সবাই একত্রিত হন এবং উৎসবটি মিলনমেলায় পরিণত হয়। আনন্দঘন পরিবেশে কাটে পুরো আয়োজন।

ফুলবাড়ী কেন্দ্রীয় কালী মন্দিরের প্রধান পুরোহিত শ্রী সুদামা উপাধ্যায় বলেন, সূর্য পূজা বা ছট পূজা মূলত অবাঙালি সনাতন ধর্মাবলম্বী নারীরা স্বামী, সন্তান ও সংসারের মঙ্গল কামনায় সূর্য দেবতার কৃপা লাভের আশায় নদীর তীরে যুগ যুগ ধরে পরম্পরাগতভাবে পালন করে আসছেন।

তিনি আরও বলেন, ভগবান শ্রী রামের স্ত্রী সীতা মাইয়া এবং পার্বতী দেবীও এই সূর্য পূজা পালন করেছিলেন।

বিজ্ঞাপন

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ছট পূজাকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD