Logo

পঞ্চম শ্রেণির ছাত্রীকে বসানো হবে প্রধান শিক্ষকের পদে!

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
১৬ নভেম্বর, ২০২৬, ১৩:৪৮
পঞ্চম শ্রেণির ছাত্রীকে বসানো হবে প্রধান শিক্ষকের পদে!
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলে নেওয়া হয়েছে ব্যতিক্রমী এক উদ্যোগ। শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস, দায়িত্ববোধ ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়াতে পঞ্চম শ্রেণির মেধাবী ছাত্রী উম্মে তালহা তাবাচ্ছুম কবিরকে এক দিনের জন্য প্রতীকী প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস উপলক্ষে আগামী ১৭ নভেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবে সে। এদিন শিক্ষা কার্যক্রম পরিচালনা ও প্রশাসনিক পরিবেশ সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে উম্মে তালহা।

এ উদ্যোগের আনুষ্ঠানিক লিখিত অনুমোদন দিয়েছেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম। তিনি অনুমোদনপত্রের পাশাপাশি প্রতীকী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপত্রও উম্মে তালহা তাবাচ্ছুম কবিরের হাতে তুলে দেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের নেতৃত্বের দক্ষতা, আত্মবিশ্বাস এবং দায়িত্বশীলতা বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

দায়িত্ব পাওয়ার অনুভূতি প্রকাশ করে উম্মে তালহা তাবাচ্ছুম কবির বলে, ‘একদিনের জন্য হলেও প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়ে আমি খুব আনন্দিত ও গর্বিত। এটি আমার জন্য অনেক বড় একটি অভিজ্ঞতা। আমি বিদ্যালয়ের নিয়মশৃঙ্খলা বজায় রাখা, শিক্ষকদের সহযোগিতা করা এবং সহপাঠীদের ভালো কাজে উৎসাহিত করার চেষ্টা করব। এ উদ্যোগ আমাকে ভবিষ্যতে আরও আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে।’

লালমনিরহাট সদর উপজেলার সার্কিট হাউজসংলগ্ন মিশনমোড়ে অবস্থিত শিবরাম আদর্শ পাবলিক স্কুলটি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে কাজ করছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের নেতৃত্ব, দায়িত্ব পালন ও সিদ্ধান্ত গ্রহণের অভিজ্ঞতা দেওয়াও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। প্রতীকী প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের মধ্য দিয়ে উম্মে তালহা বিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে ধারণা পাওয়ার পাশাপাশি নেতৃত্বের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে।

বিদ্যালয়ের পরিচালক ও অধ্যক্ষ রাশেদুল ইসলাম রাশেদ বলেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ ও ইতিবাচক নেতৃত্বের মানসিকতা গড়ে তুলতে সহায়ক হবে। একই সঙ্গে অন্য শিক্ষার্থীরাও এ আয়োজন থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের যোগ্যতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে উৎসাহিত হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD