Logo

কলাপাড়ায় ১০৮ শিক্ষক পদ শূন্য, ব্যাহত হচ্ছে মাধ্যমিকের পাঠদান

profile picture
উপজেলা প্রতিনিধি
কলাপাড়া, পটুয়াখালী
১৫ নভেম্বর, ২০২৬, ১৫:১৬
কলাপাড়ায় ১০৮ শিক্ষক পদ শূন্য, ব্যাহত হচ্ছে মাধ্যমিকের পাঠদান
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। উপজেলার ৩২টি এমপিওভুক্ত ও একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ বিভিন্ন বিষয়ের ১০৮টি পদ শূন্য রয়েছে।

বিজ্ঞাপন

ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক না থাকায় নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। ফলে নির্ধারিত সময়ে সিলেবাস শেষ করা নিয়ে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। এ পরিস্থিতিতে অভিভাবকদের মধ্যেও বাড়ছে উদ্বেগ ও ক্ষোভ।

বিদ্যালয় ও অভিভাবক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শূন্য পদগুলো পূরণ না হওয়ায় কর্মরত শিক্ষকদের ওপর অতিরিক্ত দায়িত্বের চাপ তৈরি হয়েছে। অনেক শিক্ষককে একাধিক শ্রেণিতে কিংবা নিজের নির্ধারিত বিষয়ের বাইরে অন্য বিষয়ের পাঠদান করতে হচ্ছে। এতে পাঠ্যসূচি যথাসময়ে শেষ করা কঠিন হয়ে পড়ছে এবং শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কলাপাড়া উপজেলার মোট ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়ে ১০৮টি শিক্ষক পদ শূন্য রয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, হাজী আবদুস সোবহান শিকদার মডেল একাডেমি, চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়, নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়, মধ্যটিয়াখালী এ কে এইচ এম মাধ্যমিক বিদ্যালয়, লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়, উত্তর লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়, লালুয়া এস কে জে বি মাধ্যমিক বিদ্যালয়, তোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়, পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়, ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, মেনহাজপুর হাক্কানী মাধ্যমিক বিদ্যালয়, পাটুয়া আল আমিন মাধ্যমিক বিদ্যালয়, মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়, ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়, মুসল্লীয়াবাদ এ কে মাধ্যমিক বিদ্যালয়, আলহাজ্ব আবু হানিফ খান মাধ্যমিক বিদ্যালয়, লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এবং পাঁচজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার অন্যান্য প্রতিষ্ঠান।

বিজ্ঞাপন

শূন্য পদগুলোর মধ্যে প্রধান শিক্ষক, বিজ্ঞান বিভাগের রসায়ন ও পদার্থবিজ্ঞান, ইংরেজি, গণিত এবং চারু ও কারুকলা বিষয়ের শিক্ষক সংকট সবচেয়ে বেশি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অভিভাবক মো. আলমগীর হোসেন বলেন, “স্কুলে ইংরেজির মতো গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষক নেই বহু দিন ধরে। প্রাইভেট বা কোচিং না পড়ালে ক্লাসের পড়া দিয়ে পরীক্ষায় ভালো ফল করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আমাদের তো সামর্থ্য নেই যে সবসময় প্রাইভেট পড়াবো।”

তিনি আরও বলেন, প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের প্রশাসনিক ও শৃঙ্খলাগত কার্যক্রমেও সমস্যা হচ্ছে। দ্রুত শূন্য পদগুলোতে শিক্ষক নিয়োগ দিয়ে সন্তানদের শিক্ষাজীবন রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

ফাতেমা মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক জানান, বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ পদ খালি থাকায় তাঁদের ওপর অতিরিক্ত কাজের চাপ তৈরি হয়েছে। নিজেদের নির্ধারিত বিষয়ের পাশাপাশি অন্য বিষয়েও ক্লাস নিতে হচ্ছে। এতে পাঠদানের মান বজায় রাখা এবং নির্ধারিত সময়ে সিলেবাস শেষ করা কঠিন হয়ে পড়ছে। দ্রুত শিক্ষক নিয়োগ না হলে এই ঘাটতি পূরণ করা সম্ভব হবে না বলেও তিনি জানান।

এ বিষয়ে পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মজিবুর রহমান জানান, শিক্ষক সংকট নিরসনে ইতোমধ্যে নিবন্ধনের নতুন বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া চলছে। অষ্টম নিবন্ধনের জন্য শূন্য পদের তালিকা পাঠানো হয়েছে। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে শূন্য পদগুলোতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

তিনি আরও জানান, প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা (ভাইভা) চলমান রয়েছে। পরীক্ষা শেষ হলে দ্রুত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ দেওয়া সম্ভব হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD