নারায়ণগঞ্জে বিএনপির অস্থায়ী কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যবহৃত একটি অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে ফতুল্লার উত্তর মাসদাইর এলাকার গাবতলী রোডে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর মাসদাইরে আমানা গার্মেন্টের পাশে গাবতলী রোডে এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যবহারের জন্য টিন দিয়ে একটি অস্থায়ী কার্যালয় তৈরি করা হয়েছিল।
রবিবার গভীর রাতে দুটি মোটরসাইকেলে করে চারজন সেখানে আসে। একটি মোটরসাইকেলে থাকা দুজন কার্যালয়ের সামনে অবস্থান নেয়। অন্য মোটরসাইকেল থেকে হেলমেট পরা এক ব্যক্তি নেমে ভেতরে প্রবেশ করে। পরে কার্যালয়ের ভেতরে থাকা একটি প্লাস্টিকের চেয়ারে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত দৌড়ে মূল সড়কের দিকে চলে যায়। এরপর তার সহযোগীরাও মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঘটনার খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পাশাপাশি অগ্নিসংযোগের কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্ত করতে দুটি পৃথক তদন্ত দল গঠন করা হয়েছে।
বিজ্ঞাপন
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোহাম্মদ শামীম হোসাইন বলেন, আগুন দেওয়া স্থাপনাটি আনুষ্ঠানিক কোনো রাজনৈতিক কার্যালয় নয়। সেখানে স্থানীয় বিএনপির কয়েকজন নেতা বসে নিজেদের মধ্যে আলোচনা করতেন। তবে ঘটনাটিকে পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।
তিনি আরও জানান, মোটরসাইকেলে এসে আগুন দিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। দুটি পৃথক দল ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে। দ্রুত ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।








