লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল

গোপালগঞ্জে লগি-বইঠা, রামদা ও লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পুলিশের ব্যারিকেড অতিক্রম, বিভিন্ন স্থাপনার নামফলক ভাঙচুর এবং সড়ক অবরোধের চেষ্টার ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
রবিবার (১৫ নভেম্বর) সকাল ১১টা থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, ভ্যান ও ট্রাকে করে নেতাকর্মীরা শহরে আসতে শুরু করেন। পরে শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় তারা জড়ো হন।
দুপুর ১২টার দিকে বিসিক ব্রিজ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা ঘুরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীদের হাতে লগি-বইঠা, রামদা, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দেখা যায়। একপর্যায়ে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে সামনে এগিয়ে যান মিছিলকারীরা। তারা দলীয় বিভিন্ন স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় পুলিশের একটি সাঁজোয়া যানে লাল রঙের স্প্রে দিয়ে ‘জয় বাংলা’ লিখে দেন মিছিলকারীরা। পরে গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক ভেঙে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙানো হয়।
বিজ্ঞাপন
একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদি চত্বর’-এর নামফলক সরিয়ে সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা হয়।
এরপর পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাবের সামনের সড়কে অবরোধের চেষ্টা করেন বিক্ষোভকারীরা। যান চলাচল স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ সদস্যরা তৎপরতা চালান। এ ঘটনায় লঞ্চঘাট এলাকায় প্রায় ৪০ মিনিট যান চলাচল বন্ধ ছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মিছিল ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়। লঞ্চঘাট, বাজারসহ বিভিন্ন এলাকায় পুলিশের পাশাপাশি বিজিবি, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের মোতায়েন করা হয়।
বিজ্ঞাপন
এদিকে, মিছিল ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ায় শহরের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান সাংবাদিকদের বলেন, জেলার সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। জনসাধারণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ছয় প্লাটুন বিজিবি সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন।








