সালথায় মাদক সেবনে বাধা, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

ফরিদপুরের সালথায় প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সাংবাদিক নিজাম তালুকদারের ওপর হামলার অভিযোগ উঠেছে কয়েকজন মাদকসেবীর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের হঠাৎ বাজারে এ হামলার ঘটনা ঘটে।
আহত সাংবাদিক নিজাম তালুকদার জয়ঝাপ গ্রামের জাহাঙ্গীর তালুকদারের ছেলে। তিনি দৈনিক সরেজমিন বার্তার সালথা উপজেলা প্রতিনিধি, সালথা প্রেসক্লাবের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এবং অনলাইন পোর্টাল সমাজের বানীর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ বাজার এলাকায় কয়েকজন মাদকসেবী প্রকাশ্যে মাদক সেবন করছিলেন। এ সময় তাদের মাদক সেবনে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে সাংবাদিক নিজাম তালুকদারের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। একজন সংবাদকর্মীর ওপর এমন হামলার ঘটনায় এলাকায় নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, একজন সংবাদকর্মীর ওপর মাদকসেবীদের এমন ন্যক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মাদকসেবীদের দৌরাত্ম্য এতটাই বেড়েছে যে, এখন মাদকের বিরুদ্ধে কথা বলতেও সাংবাদিকদের ওপর হামলার শিকার হতে হচ্ছে। এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, বরং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সরাসরি হুমকি।
তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় সালথা প্রেসক্লাব কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








