Logo

জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়বে বাংলাদেশ

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
১৫ নভেম্বর, ২০২৬, ১৬:৩৫
জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়বে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজার থেকে অর্থ সংগ্রহের নতুন উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ সরকার। আগামী জানুয়ারির শুরুতে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়ার পরিকল্পনা রয়েছে সরকারের। একই সঙ্গে দেশের বড় ও গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন কার্যক্রমে কঠোর নজরদারি এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

রবিবার (১৫ নভেম্বর) সকালে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আন্তর্জাতিক ঋণ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মন্ত্রী জানান, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, এলএনজি টার্মিনাল ও উন্নয়ন কর্তৃপক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এসব প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় তাগিদ দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে সময়সীমা যথাযথভাবে অনুসরণ করতে হবে। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে যারা ব্যর্থ হবেন, তাদের জবাবদিহির আওতায় আনা হবে বলেও সতর্ক করেছেন তিনি।

বিজ্ঞাপন

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আরও বলেন, বৈদেশিক ঋণ পরিশোধের ক্রমবর্ধমান চাপ, সুদ ব্যয়ের বৃদ্ধি এবং উন্নয়ন অর্থায়নের উৎসে পরিবর্তনের কারণে ঋণ ব্যবস্থাপনায় নতুন কৌশল অনুসন্ধান করছে বাংলাদেশ।

আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়ার উদ্যোগ এবং বড় উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়নে কঠোর নজরদারি সরকারের অর্থায়ন ও উন্নয়ন কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD