Logo

অবৈধ ইটভাটা ও মাটি কাটার বিরুদ্ধে লোহাগাড়ায় মানববন্ধন

profile picture
উপজেলা প্রতিনিধি
লোহাগাড়া, চট্টগ্রাম
১৫ নভেম্বর, ২০২৬, ১৬:৩৯
অবৈধ ইটভাটা ও মাটি কাটার বিরুদ্ধে লোহাগাড়ায় মানববন্ধন
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এসব কর্মকাণ্ড বন্ধের পাশাপাশি প্রতিবাদকারীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিবিলা বৌদ্ধ বিহার সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিবিবিলা পরিবেশ রক্ষা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকায় অবৈধ ইটভাটা পরিচালনা এবং কৃষিজমির মাটি কাটার ফলে পরিবেশ ও কৃষিজমি মারাত্মক হুমকির মুখে পড়েছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে ইউপি সদস্য মোহাম্মদ ওসমান গণিসহ স্থানীয় গ্রামবাসীরা হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা বলেন, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় স্থানীয়দের প্রতিবাদ দমিয়ে রাখার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে অবৈধ ইটভাটা বন্ধ, কৃষিজমির মাটি কাটা বন্ধ এবং হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

বিজ্ঞাপন

মানববন্ধন থেকে পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। পাশাপাশি কৃষিজমি রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান আয়োজকরা।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মো. ওসমান গণি, মো. কাইছার, মোস্তাফা কামাল, মো. বেলাল, গোলাম মোস্তাফা, মো. ফৌজুল কবির ও জানে আলমসহ অনেকে বক্তব্য দেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD