পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, লুট ৩১ ভরি সোনাসহ ৬ লাখ টাকা

বগুড়ার সোনাতলায় অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে জানালার গ্রিল কেটে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৩১ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬ লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
বিজ্ঞাপন
রবিবার (১৫ নভেম্বর) ভোর ৪টা থেকে ৫টার মধ্যে উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর দক্ষিণপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোয়াজ্জেম হোসেন মন্ডলের (৭৫) বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে পাঁচ থেকে সাতজনের একটি ডাকাত দল বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর পরিবারের সদস্যদের জিম্মি করে অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ির বিভিন্ন কক্ষের আলমারি ভাঙচুর করে। একপর্যায়ে মূল্যবান স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, মোয়াজ্জেম হোসেন মন্ডলের বড় ছেলের স্ত্রীর ঘর থেকে ১৫ ভরি স্বর্ণালংকার, ছোট ছেলের স্ত্রীর ঘর থেকে ১২ ভরি সোনা ও নগদ ১ লাখ টাকা এবং গৃহকর্তার ঘর থেকে ৪ ভরি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট করা হয়েছে। সব মিলিয়ে ৩১ ভরি সোনা ও ৬ লাখ টাকা খোয়া গেছে বলে দাবি করা হয়েছে।

সশস্ত্র ডাকাত দলের সদস্যদের ভয়ে পরিবারের কেউ বাধা দেওয়ার সাহস পাননি।
বিজ্ঞাপন
দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল হক জানান, তিনি ডাকাতির ঘটনাটি শুনেছেন। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করবেন। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে স্বর্ণালংকার ও টাকা লুটের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তবে লুট হওয়া স্বর্ণের পরিমাণ নিয়ে কিছুটা ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে ২৫ থেকে ৩০ ভরি সোনা ও ৬ লাখ টাকা লুটের তথ্য জানা গেছে।
ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। কাউকে আটকও করা সম্ভব হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করবে।








