ট্রান্সফরমার চোর ধরিয়ে দিলেই পুরস্কার, মাইকিং করছে বিদ্যুৎ বিভাগ

টাঙ্গাইলের সখীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি বেড়ে যাওয়ায় চোরচক্রকে ধরতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ বিভাগ। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে ধরিয়ে দিতে পারলে দেওয়া হবে সম্মানজনক পুরস্কার। এ ঘোষণা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে।
বিজ্ঞাপন
সোমবার (২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সখীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এনামুল হক।
বিদ্যুৎ বিভাগের সখীপুর কার্যালয় সূত্রে জানা গেছে, ১৭টি ফিডারের মাধ্যমে সখীপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। সম্প্রতি উপজেলার বিভিন্ন স্থানে একের পর এক বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। এর মধ্যে কালিয়া ইউনিয়নের কচুয়া এবং কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি-ভাতগড়া এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে সংঘবদ্ধ চোরচক্র বৈদ্যুতিক খুঁটিতে স্থাপিত ট্রান্সফরমার থেকে মূল্যবান তামার তার ও বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে যাচ্ছে। চুরির কারণে সংশ্লিষ্ট এলাকায় বারবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ছে। এতে দুর্ভোগে পড়ছেন সাধারণ গ্রাহকেরা। পাশাপাশি এ ধরনের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।
উপজেলার কচুয়া গ্রামের বাসিন্দা কামরুজ্জামান জানান, সকালে ঘুম থেকে উঠে বৈদ্যুতিক খুঁটির পাশে ট্রান্সফরমারের শুধু বাইরের খোলস পড়ে থাকতে দেখেন। এর ভেতরে থাকা তার ও প্রয়োজনীয় যন্ত্রাংশ চুরি হয়ে গেছে।
বিজ্ঞাপন
একই ধরনের ভোগান্তির কথা জানিয়েছেন ইন্দারজানি গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান। তিনি বলেন, ট্রান্সফরমার চুরি হওয়ার পর এলাকার অনেক পরিবারকে বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মো. এনামুল হক বলেন, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি ট্রান্সফরমার এবং সেগুলোর মূল্যবান যন্ত্রাংশ রাতের আঁধারে চুরি হয়েছে। এ ধরনের অপরাধ বন্ধ করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই মাইকিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, কেউ চোরচক্রের সদস্যদের শনাক্ত করে ধরিয়ে দিতে সহযোগিতা করলে তাঁকে সম্মানজনক পুরস্কার দেওয়া হবে।
বিদ্যুৎ বিভাগের এ উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা পাওয়া গেলে ট্রান্সফরমার চুরি প্রতিরোধ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।








