ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ভাঙ্গা পৌরসভার ইন্টারসেকশনের খুলনামুখী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাজরাহাটি মহল্লার দুলাল কাজীর ছেলে ইজাজুল কাজী (২০) এবং নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের জিয়াকুলি গ্রামের শাহাদাত সরদারের ছেলে স্বাধীন সরদার (২০)।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেল ঢাকা থেকে ভাঙ্গার দিকে, আরেকটি ভাঙ্গা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে এলে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেলের দুই চালক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন দুই মোটরসাইকেলের দুই আরোহী রাজন (২১) এবং ইয়ামিন (২৮)। আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা জিনিয়া আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় চার ব্যক্তিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে দুজনকে আমরা মৃত ঘোষণা করি। গুরুতর আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। এতে দুই চালক নিহত এবং দুই আরোহী আহত হয়েছেন। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








