আমিরাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি প্রবাসীর

সংযুক্ত আরব আমিরাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বায়েজিদ রায়হান (২৭) এবং চট্টগ্রামের বোয়ালখালীর সাইফুদ্দিন সিকদার মহসিন (৪৯)।
বিজ্ঞাপন
পুলিশ ও প্রবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ফুজাইরাহ-খোরফাক্কান সড়কের আল ফৌজ এলাকায় পণ্য সরবরাহের কাজে নিয়োজিত ছিলেন বায়েজিদ রায়হান। এ সময় তাঁর ডেলিভারি মোটরসাইকেলটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পাঁচ বছর আগে জীবিকার সন্ধানে তিনি আরব আমিরাতে পাড়ি জমান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগের দিন বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে শারজার আল খোয়াজামিয়া শিল্প এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান বোয়ালখালীর মহসিন। কর্মস্থলে যাওয়ার পথে পিকআপ ভ্যানে থাকা অবস্থায় পেছন থেকে একটি লরি সেটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
পুলিশ তাঁকে উদ্ধার করে আল কাসিমি হাসপাতালে নিয়ে যায়। সেখানে বিকেল পৌনে ৩টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মহসিনের মাথায় গুরুতর আঘাত লেগেছিল বলে জানিয়েছেন তাঁর বড় ভাই রেজাউল করিম সিকদার। মাত্র দুই বছর আগে কাজের সন্ধানে আরব আমিরাতে গিয়েছিলেন মহসিন। তাঁর বাড়ি বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নে।
বিজ্ঞাপন
দুই প্রবাসীর মৃত্যুর খবরে তাঁদের গ্রামের বাড়ি ও সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে তাঁদের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পুলিশি আনুষ্ঠানিকতা ও দূতাবাসের প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ দুটি দেশে পাঠানো হবে।








