Logo

দেশে ফেরার স্বপ্ন অধরাই, সৌদিতে প্রাণ গেল ফয়সালের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর, ২০২৬, ২১:৪০
দেশে ফেরার স্বপ্ন অধরাই, সৌদিতে প্রাণ গেল ফয়সালের
ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কায় কর্মস্থলে ছয়তলা ভবনের ওপর থেকে মাথায় কাঠের তক্তা পড়ে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী ফয়সাল মিয়া (৩০)। গুরুতর আহত অবস্থায় দুই দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর শনিবার (১০ অক্টোবর) দুপুরে মারা যান তিনি। মৃত্যুর আগের রাতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছিলেন ফয়সাল। জানিয়েছিলেন, ১০ থেকে ১৫ দিনের মধ্যে দেশে ফিরবেন। কিন্তু সেই ফেরা আর হলো না। প্রিয়জনদের কাছে ফিরতে হচ্ছে মরদেহ হয়ে।

বিজ্ঞাপন

ফয়সাল কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নামা বোয়ালিয়া এলাকার বাসিন্দা। তিনি মৃত মো. চান মিয়ার ছেলে। জীবিকার তাগিদে প্রায় ১৪ বছর ধরে সৌদি আরবের মক্কায় একটি কোম্পানিতে কাজ করছিলেন তিনি। দেশে তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে সৌদি আরবে থাকা পরিচিতজনদের মাধ্যমে ফয়সালের দুর্ঘটনার খবর পান স্বজনেরা। কর্মস্থলে ছয়তলা ভবনের ওপর থেকে একটি কাঠের তক্তা তার মাথায় পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুই দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর শনিবার দুপুরে তার মৃত্যুর খবর আসে পরিবারের কাছে।আরও পড়ুন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফয়সালের বড় ভাই মো. সজল মিয়া জানান, ৫ ভাইয়ের মধ্যে ফয়সাল ছিলেন সবার ছোট। দুর্ঘটনার আগের রাতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। তখন ১০ থেকে ১৫ দিনের মধ্যে দেশে ফেরার কথা জানান। পরিবারের সদস্যদের ঝগড়া-বিবাদ না করে মিলেমিশে থাকার পরামর্শও দিয়েছিলেন। আগামী মাসের ৬ তারিখে তার দেশে ফেরার কথা ছিল।

বিজ্ঞাপন

সজল মিয়া বলেন, ভাইয়ের সঙ্গে শেষবার কথা বলার সময়ও বুঝিনি, সেটিই শেষ কথা হবে। সে বলেছিল, দেশে ফিরবে। কিন্তু এখন তাকে মরদেহ হয়ে ফিরতে হবে। পরিবারের উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে আমরা দিশেহারা।

তিনি আরও বলেন, ফয়সালের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান তারা। পাশাপাশি ফয়সালের মা, স্ত্রী ও দুই সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে পরিবারের জন্য আর্থিক সহায়তার দাবি জানান।

এ বিষয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ বলেন, প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে। মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় যোগাযোগসহ সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে। তবে মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়টি এর অবস্থা ও সংশ্লিষ্ট প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD