Logo

ইতালির শ্রমবাজারে নতুন সুযোগ, আবেদন শুরু ২৩ অক্টোবর

profile picture
জনবাণী ডেস্ক
৬ অক্টোবর, ২০২৬, ১২:০৮
ইতালির শ্রমবাজারে নতুন সুযোগ, আবেদন শুরু ২৩ অক্টোবর
ছবি: সংগৃহীত

বিদেশি কর্মী নিয়োগে ২০২৭ সালের জন্য নতুন করে শ্রমবাজার উন্মুক্ত করছে ইতালি। দেশটির ‘ডিক্রেতো ফ্লুসি’ কর্মসূচির আওতায় আগামী বছর ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন অ-ইইউ নাগরিককে কাজের জন্য ইতালিতে প্রবেশের সুযোগ দেওয়া হবে। বাংলাদেশসহ নির্ধারিত দেশের নাগরিকরা এই কর্মসূচির আওতায় কাজের সুযোগ পেতে পারেন।

বিজ্ঞাপন

২০২৬-২০২৮ মেয়াদে ইতালি মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী নেওয়ার পরিকল্পনা করেছে। এর মধ্যে ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ এবং ২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জনের কোটা নির্ধারণ করা হয়েছে।

২০২৭ সালে কোন খাতে কত কোটা

২০২৭ সালের জন্য ৭৬ হাজার ২০০টি কোটা রাখা হয়েছে অমৌসুমি বেতনভিত্তিক কাজের জন্য। এর মধ্যে পরিবারভিত্তিক পরিচর্যা বা কেয়ারগিভিং খাতে রয়েছে ১৪ হাজার কোটা। মৌসুমি কৃষি ও পর্যটন খাতে নেওয়া হবে ৮৯ হাজার কর্মী। এ ছাড়া স্বনিয়োজিত কাজের জন্য রয়েছে ৬৫০টি কোটা।

বিজ্ঞাপন

কখন আবেদন করা যাবে

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত পোর্টালে ২৩ অক্টোবর ২০২৬ সকাল ৯টা থেকে ৭ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত ২০২৭ সালের জন্য ‘নুল্লা ওস্তা’র আবেদন প্রি-কম্পাইল করা যাবে। আবেদন করবেন ইতালিতে থাকা নিয়োগকর্তা বা অনুমোদিত মধ্যস্থতাকারীরা।

এরপর নির্ধারিত ‘ক্লিক ডে’ অনুযায়ী আবেদন চূড়ান্তভাবে জমা দেওয়া যাবে—

বিজ্ঞাপন

১২ জানুয়ারি ২০২৭: কৃষি খাতে মৌসুমি কর্মীদের জন্য।

৯ ফেব্রুয়ারি ২০২৭: পর্যটন খাতে মৌসুমি কর্মীদের জন্য।

১৬ ফেব্রুয়ারি ২০২৭: বিভিন্ন অমৌসুমি চাকরির জন্য।

বিজ্ঞাপন

১৮ ফেব্রুয়ারি ২০২৭: পরিবারভিত্তিক পরিচর্যা বা কেয়ারগিভিং খাতের জন্য।

কোটা খালি থাকা সাপেক্ষে এসব আবেদন ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত জমা দেওয়া যাবে।

বাংলাদেশিদের আবেদন কীভাবে হবে

বিজ্ঞাপন

ইতালির ওয়ার্ক ভিসা প্রক্রিয়ায় বিদেশি কর্মী নিজে সরাসরি ‘নুল্লা ওস্তা’র আবেদন করেন না। প্রথমে ইতালিতে থাকা নিয়োগকর্তা বা অনুমোদিত প্রতিনিধি সংশ্লিষ্ট কর্মীর জন্য কাজের অনুমতিপত্রের আবেদন করেন।

‘নুল্লা ওস্তা’ অনুমোদিত হওয়ার পর কর্মী নিজ দেশে থাকা ইতালীয় দূতাবাস বা সংশ্লিষ্ট ভিসা আবেদনকেন্দ্রের মাধ্যমে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করেন।

অর্থাৎ শুধু নির্ধারিত দিনে আবেদন জমা দেওয়া মানেই ইতালির ভিসা নিশ্চিত হওয়া নয়। নিয়োগকর্তা, চাকরির প্রস্তাব, চুক্তিপত্র এবং ‘নুল্লা ওস্তা’ অনুমোদনের বিষয়গুলো পুরো প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ।

বিজ্ঞাপন

এ ছাড়া ইতালির সরকারি পোর্টালে আবেদন প্রি-কম্পাইল ও জমা দেওয়ার প্রক্রিয়ায় নির্ধারিত মডেল ব্যবহার করতে হয়। ২০২৭ সালের জন্য কৃষি, পর্যটন, অমৌসুমি চাকরি ও পরিবারভিত্তিক পরিচর্যার জন্য আলাদা আবেদন মডেল নির্ধারণ করা হয়েছে।

দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ

‘ডিক্রেতো ফ্লুসি’কে কেন্দ্র করে প্রতারণার ঝুঁকি থাকায় চাকরির নিশ্চয়তা বা ভিসা পাইয়ে দেওয়ার নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে যাচাই ছাড়া অর্থ না দেওয়াই নিরাপদ। বিশেষ করে ভুয়া নিয়োগপত্র, নকল ‘নুল্লা ওস্তা’ কিংবা অতিরিক্ত অর্থের বিনিময়ে ভিসা নিশ্চিত করার দাবি থেকে সতর্ক থাকা প্রয়োজন।

বিজ্ঞাপন

ইতালির এই কর্মসূচিতে আবেদন একটি নির্দিষ্ট সরকারি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। তাই চাকরির নিয়োগকর্তা, চুক্তিপত্র এবং অনুমতিপত্রের সত্যতা যাচাই করে তবেই পরবর্তী ধাপে এগোনোর পরামর্শ রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD