Logo

কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত

profile picture
জনবাণী ডেস্ক
২০ নভেম্বর, ২০২৬, ১৮:২৬
কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত
ছবি: সংগৃহীত

কুয়েতের আল-সালমি মরুভূমিতে ১৯৯০ সালের ইরাকি আগ্রাসনের সময় পুঁতে রাখা অবিস্ফোরিত মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একটি উট। প্রায় ৩৬ বছর আগের যুদ্ধের অবশিষ্ট বিস্ফোরক যে এখনো প্রাণঘাতী ঝুঁকি তৈরি করছে, এই দুর্ঘটনায় তা আবারও স্পষ্ট হয়েছে।

বিজ্ঞাপন

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপারেশন রুম থেকে নিরাপত্তা বাহিনী, ফরেনসিক তদন্তকারী দল এবং জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ১৯৯০ সালে ইরাকি আগ্রাসনের সময় মরুভূমিতে পুঁতে রাখা একটি অ্যান্টি-পার্সোনেল ল্যান্ডমাইনের ওপর অসাবধানতাবশত পা পড়লে সেটি বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই বাংলাদেশি। বিস্ফোরণের প্রভাবে কাছাকাছি থাকা একটি উটও আহত হয়।

ঘটনার গুরুত্ব বিবেচনায় কুয়েতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি মরদেহ সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

বিজ্ঞাপন

এদিকে অবশিষ্ট বিস্ফোরক নিষ্ক্রিয় করা এবং আশপাশের এলাকায় আরও কোনো মাইন বা বিস্ফোরক রয়েছে কি না, তা শনাক্ত করতে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল মোতায়েন করা হয়েছে। তদন্ত কার্যক্রমে ফায়ার অ্যান্ড এক্সপ্লোসিভ বিভাগের প্রতিনিধি, ক্রিমিনাল এভিডেন্স, ফরেনসিক মেডিসিন এবং ক্রাইম সিন ইউনিটের সদস্যরাও অংশ নিয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট তদন্তকারী কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পাশাপাশি একটি মামলাও দায়ের করা হয়েছে।

অন্যদিকে, কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মরুভূমিতে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশির মৃত্যুর খবর তারা পেয়েছেন। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো দূতাবাসের কাছে পৌঁছায়নি। তার পরিচয় নিশ্চিত করতে এবং বিস্তারিত তথ্য সংগ্রহে দূতাবাস কাজ করছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ১৯৯০ সালে ইরাকের আগ্রাসনের সময় কুয়েতের বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক মাইন ও বিস্ফোরক পুঁতে রাখা হয়েছিল। প্রায় চার দশক পেরিয়ে গেলেও এসব বিস্ফোরকের কিছু অংশ এখনো নিষ্ক্রিয় করা সম্ভব হয়নি। ফলে দেশটির প্রত্যন্ত মরুভূমি এলাকায় স্থানীয় বাসিন্দা ও প্রবাসীদের জন্য প্রাণঘাতী ঝুঁকি রয়ে গেছে। সর্বশেষ এই দুর্ঘটনা সেই বিপদের বিষয়টি নতুন করে সামনে এনেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD