Logo

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লোহাগাড়ার প্রবাসীর মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর, ২০২৬, ২১:৩৯
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লোহাগাড়ার প্রবাসীর মৃত্যু
ছবি: সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শওকত হোসেন (৪৪) নামে চট্টগ্রামের লোহাগাড়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ২টার দিকে জেদ্দা থেকে মদিনা যাওয়ার পথে মদিনা রোডে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত শওকত হোসেন লোহাগাড়া উপজেলার রশিদের পাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আবদুল মতলবের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, জেদ্দা থেকে মদিনার উদ্দেশে যাওয়ার সময় শওকতের গাড়িতে পেছন থেকে অন্য একটি গাড়ি ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এক আত্মীয়ের মাধ্যমে শওকতের মৃত্যুর খবর পায় তার পরিবার। নিহতের ছেলে মোহাম্মদ সানিম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরিবার জানায়, গত বছরের ৩১ ডিসেম্বর কর্মসংস্থানের উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি জমান শওকত হোসেন। এরপর থেকে তিনি দেশটিতে কর্মজীবন চালিয়ে আসছিলেন। রোববার রাতে মদিনা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি।

শওকতের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর রশিদের পাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীরা তার বাড়িতে ভিড় করছেন। পরিবারের সদস্যদের আহাজারিতে সেখানে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।

লোহাগাড়া সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম লিটন বলেন, পরিবারের আর্থিক স্বচ্ছলতার জন্য দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন শওকত। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনরা গভীরভাবে শোকাহত।

বিজ্ঞাপন

প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে শওকত হোসেনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD