Logo

নতুন বাজেটে প্রবাসীদের জন্য বড় সুখবর দিল মালয়েশিয়া

profile picture
জনবাণী ডেস্ক
৯ অক্টোবর, ২০২৬, ২১:০০
নতুন বাজেটে প্রবাসীদের জন্য বড় সুখবর দিল মালয়েশিয়া
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় স্থানীয় ও প্রবাসী শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১ হাজার ৭০০ রিঙ্গিত থেকে বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ২০২৭ সালের জুন থেকে নতুন এই মজুরি কার্যকর হওয়ার কথা রয়েছে। এতে ৪০ লাখের বেশি শ্রমিক উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ অক্টোবর) পার্লামেন্টে ২০২৭ সালের বাজেট উপস্থাপনের সময় এ ঘোষণা দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। খবর দ্য এজ মালয়েশিয়ার।

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরির নিয়ম দেশটির নাগরিকদের পাশাপাশি বিদেশি শ্রমিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। ফলে বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের শ্রমিকেরাও স্থানীয় শ্রমিকদের মতো আইন অনুযায়ী নির্ধারিত ন্যূনতম মজুরি পাবেন।

২০১৩ সালে মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি নীতি চালু হয়। সে সময় মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল ৯০০ রিঙ্গিত। পরে ২০১৬ সালে তা বাড়িয়ে ১ হাজার রিঙ্গিত করা হয়। ২০১৯ সালে তা বেড়ে দাঁড়ায় ১ হাজার ১০০ রিঙ্গিতে। ২০২০ সালে মজুরি নির্ধারণ করা হয় ১ হাজার ২০০ রিঙ্গিত এবং ২০২২ সালে বাড়িয়ে করা হয় ১ হাজার ৫০০ রিঙ্গিত। সর্বশেষ ২০২৫ সালে তা ১ হাজার ৭০০ রিঙ্গিতে উন্নীত করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

নতুন সিদ্ধান্ত কার্যকর হলে ন্যূনতম মজুরি নীতি চালুর সময়ের তুলনায় শ্রমিকদের মাসিক ন্যূনতম বেতন দ্বিগুণেরও বেশি হবে।

তবে বার্ষিক লেনদেন ৫ কোটি রিঙ্গিতের কম—এমন অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান নতুন মজুরির বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাবে। ছোট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নিজেদের ব্যবসায়িক কাঠামো ও কার্যক্রম নতুন নিয়মের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আনোয়ার ইব্রাহিম।

তিনি বলেন, শ্রমিকদের উৎপাদনশীলতা ও মজুরির মধ্যে যে ব্যবধান রয়েছে, তা কমানো প্রয়োজন। জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বাড়লেও শ্রমিকদের আয় সেই অনুপাতে বাড়েনি।

বিজ্ঞাপন

মালয়েশিয়ার মজুরি কাঠামোয় আরও পরিবর্তন আনার পরিকল্পনাও করছে সরকার। এর অংশ হিসেবে আধা-দক্ষ শ্রমিক ও বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের জন্য মাসিক ন্যূনতম বেতন ২ হাজার ৫০০ রিঙ্গিত নির্ধারণের পরিকল্পনা রয়েছে।

আনোয়ার ইব্রাহিম বলেন, ন্যূনতম মজুরি কেবল আয়ের একটি প্রাথমিক সীমা নির্ধারণ করে। কিন্তু দক্ষ শ্রমিকেরা এখনো তাঁদের যোগ্যতা ও সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন পাচ্ছেন না।

এদিকে, অনিবন্ধিত বিদেশি শ্রমিক নিয়োগ নিরুৎসাহিত করতে করবিধি আরও কঠোর করার পরিকল্পনা করেছে মালয়েশিয়া সরকার। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান ছাড়া অন্য কোম্পানিগুলোকে শ্রমিকদের বেতন ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করতে হবে। কর্মসংস্থান আইন অনুমোদিত পদ্ধতিতে বেতন দেওয়া হলেই কেবল এ খাতে ব্যয়ের ওপর করছাড় পাওয়া যাবে।

বিজ্ঞাপন

মালয়েশিয়ায় উল্লেখযোগ্যসংখ্যক নেপালি শ্রমিক কাজ করেন। নতুন মজুরি কার্যকর হলে ন্যূনতম মজুরি নীতির আওতাভুক্ত নেপালি ও অন্যান্য দেশের বিদেশি শ্রমিকেরাও এর সুবিধা পাবেন। তবে ২০২৭ সালের জুনে নতুন নিয়ম কার্যকর হওয়ার সময়সীমা এবং ছোট ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য অব্যাহতির কারণে সব শ্রমিক একই সময়ে বাড়তি মজুরির সুবিধা পাবেন না।

সূত্র: দ্য স্টার ও দ্য এজ মালয়েশিয়া

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD