Logo

রাশিয়ায় আন্তর্জাতিক ফিশিং টুর্নামেন্টে অংশ নিলেন বাংলাদেশিরা

profile picture
জনবাণী ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬, ২১:৪৭
রাশিয়ায় আন্তর্জাতিক ফিশিং টুর্নামেন্টে অংশ নিলেন বাংলাদেশিরা
ছবি: সংগৃহীত

রাশিয়ার তিভের অঞ্চলের উদোমলিয়া হ্রদে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফিশিং টুর্নামেন্টে বাংলাদেশসহ ১১টি দেশের শৌখিন মৎস্য শিকারিরা অংশ নিয়েছেন। গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর কালিনিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কুলিং ওয়াটারের উৎস হিসেবে ব্যবহৃত এই হ্রদে রোসাটমের চতুর্থ আন্তর্জাতিক ফিশিং টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও বেলারুশ, হাঙ্গেরি, ভিয়েতনাম, মিসর, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্ক, উজবেকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মৎস্য শিকারিরা অংশ নেন। সব মিলিয়ে ২২ জন শৌখিন মৎস্য শিকারি প্রতিযোগিতায় নিজেদের দক্ষতা প্রদর্শন করেন। পাশাপাশি ২৮ জন সাংবাদিক ও বিশেষজ্ঞও আয়োজনে অংশ নেন।

যেসব দেশ থেকে প্রতিযোগীরা এসেছেন, সেসব দেশে রোসাটমের সহযোগিতায় পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চলমান, বাস্তবায়নাধীন অথবা পরিকল্পনাধীন রয়েছে।

আয়োজনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ধরা মাছের নিরাপত্তা পরীক্ষা। প্রতিযোগিতা চলাকালে কালিনিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিবেশ সুরক্ষা ও বিকিরণ পর্যবেক্ষণ পরিষেবার প্রতিনিধিরা ধরা মাছগুলোর বিকিরণের মাত্রা পরীক্ষা করেন। পরীক্ষায় মাছগুলো সম্পূর্ণ নিরাপদ বলে নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রতিযোগিতায় ‘বিগেস্ট ফিশ’ বিভাগে জয় পায় মালয়েশিয়ার দল। তারা ১ দশমিক ৭ কেজি ওজনের একটি পাইক-পার্চ মাছ ধরে এই পুরস্কার অর্জন করে। ‘উইল টু উইন’ পুরস্কার পায় হাঙ্গেরি। অন্যদিকে স্থানীয় প্রজাতির সবচেয়ে বেশি সংখ্যক মাছ ধরায় ‘বিগেস্ট ক্যাচ’ বিভাগে বিজয়ী হয় রাশিয়ার দল।

টুর্নামেন্টে অংশ নেওয়া মৎস্য শিকারিদের কালিনিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সুযোগও দেওয়া হয়। তারা কেন্দ্রটির ৩ ও ৪ নম্বর ইউনিটের টার্বাইন হল ও কন্ট্রোল রুম ঘুরে দেখেন। পাশাপাশি কুলিং টাওয়ার পরিদর্শনের পাশাপাশি প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় করেন।

কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীরা মস্কোর অ্যাটম মিউজিয়াম, প্রকল্পের পার্শ্ববর্তী ঐতিহাসিক স্থান এবং উদোমলিয়া জাদুঘরও পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

রোসাটম ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের কমিউনিকেশন্স বিভাগের উপমহাপরিচালক আলেকজান্দ্রা ইউস্টাস বলেন, ‘আন্তর্জাতিক ফিশিং টুর্নামেন্ট রোসাটমের অন্যতম প্রধান শিক্ষামূলক ইভেন্ট হয়ে উঠেছে, যা পারমাণবিক শক্তির পরিবেশগত দিকগুলো তুলে ধরে এবং যেসব দেশে পারমাণবিক শক্তির বিকাশ ঘটছে, সেসব দেশের জনসাধারণের সাথে উন্মুক্ত আলোচনার সুযোগ তৈরি করে।’

কালিনিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি উদোমলিয়া হ্রদের দক্ষিণ তীরে অবস্থিত। কেন্দ্রটির স্থাপিত উৎপাদন ক্ষমতা ৪ হাজার মেগাওয়াট। বিদ্যুৎকেন্দ্রটি জলজ সম্পদ সংরক্ষণসহ পরিবেশ সুরক্ষায় নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।

২০২৫ সালে কেন্দ্রটির উদ্যোগে চারটি মাছ অবমুক্তকরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এর ফলে উদোমলিয়া ও পার্শ্ববর্তী পেসভো হ্রদে বর্তমানে মাছের মজুদ প্রায় ৭৪০ টনে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

রোসাটমের আয়োজিত এই বার্ষিক ফিশিং টুর্নামেন্ট আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম, পরিবেশ পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট অঞ্চলের উন্নয়ন সম্পর্কে সরাসরি জানার সুযোগ করে দেয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD