সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

জীবিকার তাগিদে সুদূর মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার তরুণ মো. সজিব (২৫)। পরিবারের অভাব-অনটন দূর করে ভবিষ্যতে স্বচ্ছলতার স্বপ্ন দেখেছিলেন তিনি। তবে আকস্মিক এক প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলায় থেমে গেল সেই স্বপ্ন। সৌদি আরবের জুবাইল শহরে হামলার ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন এই বাংলাদেশি যুবক।
বিজ্ঞাপন
রবিবার (৪ অক্টোবর) সৌদি স্থানীয় সময় রাতে জুবাইল শহরে এই ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে।
নিহত সজিব উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের বাসিন্দা ছোটন মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সৌদি আরবের জুবাইল শহরে কর্মরত ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সৌদি আরবে একই প্রতিষ্ঠানে কর্মরত সজিবের সহকর্মী আল আমিন মুঠোফোনে তার নিহত হওয়ার খবর দেশে থাকা পরিবারের সদস্যদের জানান। মুহূর্তেই বাগড়া গ্রামে ছড়িয়ে পড়ে সজিবের মৃত্যুর সংবাদ। খবর পেয়ে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন নিহতের বাবা-মা।
বিজ্ঞাপন
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের অভাব-অনটন দূর করতে ও ভবিষ্যৎ সচ্ছলতার আশায় বুক বেধে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন সজিব। কিন্তু আকস্মিক এই হামলায় তার অকাল মৃত্যুতে পরিবারের একমাত্র আশা-ভরসার আলো নিভে গেল। সজিবের মরদেহ দ্রুত নিজ দেশে ফিরিয়ে এনে দাফন নিশ্চিত করতে সরকারের কাছে জোর আকুতি জানিয়েছেন স্বজনরা।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মামুন জানান, সজিবের এই অকাল মৃত্যু পুরো এলাকার জন্য অত্যন্ত বেদনার। শোকসন্তপ্ত পরিবারটিকে আমরা সমবেদনা জানাচ্ছি। সজিবের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া সম্পন্ন করতে পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।








