সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে মহাসড়ক অবরোধ নটর ডেম শিক্ষার্থীদের

ময়মনসিংহে বাসচাপায় সহপাঠীর মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। এ সময় রাজীব পরিবহনের তিনটি বাস আটকে রেখে পরিবহনটির রুট পারমিট বাতিলসহ দায়ী চালকদের শাস্তির দাবি জানান তাঁরা।
বিজ্ঞাপন
সোমবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর দীঘারকান্দা বাইপাস এলাকায় এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে জামালপুর, নেত্রকোনা, শেরপুর ও কিশোরগঞ্জগামী বিভিন্ন বাস, ট্রাক এবং পণ্যবাহী যানবাহন আটকা পড়ে। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার বেলা ১১টার মধ্যে রাজীব পরিবহনের রুট পারমিট বাতিল, দুর্ঘটনার সঙ্গে জড়িত চালকদের বিচারের আওতায় আনা এবং সড়কে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, সহপাঠীর মৃত্যুর ঘটনায় রাজীব পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত রবিবার (১ নভেম্বর) ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই এলাকায় রাজীব পরিবহনের একটি বাসের চাপায় নটর ডেম কলেজের সাবেক শিক্ষার্থী জাকিরুল ইসলাম নিহত হন। এ দুর্ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবিতেই পরদিন মহাসড়কে অবস্থান নেন তাঁর সহপাঠীরা।








