বাণিজ্য মেলার ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) মাঠে আয়োজিত বাণিজ্য মেলার অস্থায়ী স্থাপনা ভেঙে কর্মসূচি শেষ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার (২ নভেম্বর) দুপুরে মেলার প্রধান প্রবেশপথ ভেঙে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে যান তারা।
বিজ্ঞাপন
এর আগে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী মেলার মাঠে প্রবেশ করেন। এরপর সেখানে নির্মিত বিভিন্ন অস্থায়ী স্থাপনা ভাঙচুর শুরু করেন তারা। এ কাজে বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে আসা দুটি ট্র্যাক্টর ব্যবহার করা হয়। একপর্যায়ে মেলার প্রধান অস্থায়ী প্রবেশ ফটকও ভেঙে ফেলেন আন্দোলনকারীরা। দুপুর ১টা ১০ মিনিটের দিকে ফটক ভাঙার কাজ শেষ হলে শিক্ষার্থীরা মাঠ ছেড়ে ক্যাম্পাসে ফিরে যান।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাঠ নিজেদের ব্যবহারের জন্য ফিরিয়ে দেওয়ার দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। তাদের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের মাঠে বাণিজ্য মেলা কিংবা অন্য কোনো ধরনের বাণিজ্যিক আয়োজন করা যাবে না। মাঠটি শিক্ষার্থীদের খেলাধুলা, শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহারের উপযোগী করে ফিরিয়ে দিতে হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শিক্ষার্থীদের আরও দাবি, মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিল করতে হবে। পাশাপাশি কৃষি গবেষণার জন্য মাঠটি ব্যবহার উপযোগী করতে হবে এবং সেখানে কোনো স্থায়ী বা অস্থায়ী স্থাপনা নির্মাণ করা যাবে না।
এর আগে গত ২৭ অক্টোবর মাঠে মাটি পরীক্ষার কাজ শুরু হলে শিক্ষার্থীরা বাধা দেন। এ সময় পরীক্ষার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও দুটি গাড়ি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যান তারা। পরদিন ২৮ অক্টোবর বাণিজ্য মেলার প্রধান প্রবেশ গেটসহ বিভিন্ন অস্থায়ী স্থাপনা ভাঙচুর করেন শিক্ষার্থীরা।
এ ছাড়া মাঠ উদ্ধারের দাবিতে কয়েক দফায় সড়ক অবরোধ করেন তারা। সর্বশেষ গত ১ নভেম্বর চীন মৈত্রী সিগন্যাল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়।
বিজ্ঞাপন








