৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের অবরোধ

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আবারও রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। রবিবার (১ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ আন্দোলনের কারণে মিরপুরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষ।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পরে মিরপুর-১১, মিরপুর-১২ এবং প্রশিকা মোড় এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা অবস্থান নেন। একপর্যায়ে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, আজ সকাল থেকেই মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় শ্রমিকেরা সড়কে নেমেছেন। তারা অবরোধ করে নিজেদের দাবি জানাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিকে মিরপুর জোন ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মাহফুজুল হক বকশী জানান, পোশাকশ্রমিকেরা আজও সড়ক অবরোধ করেছেন। ফলে মিরপুর-১০ নম্বর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প পথে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে পুলিশ।
এর আগের দিন শনিবার (৩১ অক্টোবর) একই দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকেরা। দুপুরের দিকে তারা মিরপুর-১০ এলাকা ছেড়ে শাহ আলী এলাকায় জড়ো হন। বেলা ২টার পর শাহ আলী এলাকার একটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
একপর্যায়ে শ্রমিকেরা ওই কারখানা ও একটি বিপণিবিতানে ভাঙচুর চালান। পরে বেলা ৩টা ২০ মিনিটের দিকে পল্লবী থানার কালশী আদর্শনগর এলাকার ‘২২ তলা’ পোশাক কারখানাতেও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।








