Logo

রাজধানীর ছয় রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর, ২০২৬, ১৩:৪৪
রাজধানীর ছয় রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু
ছবি: সংগৃহীত

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো এবং যানজট কমানোর লক্ষ্যে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় ছয়টি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হয়েছে। নতুন এই ব্যবস্থায় নির্দিষ্ট কোম্পানির অধীনে বাস পরিচালনার মাধ্যমে যাত্রী ওঠানোর প্রতিযোগিতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী শামছুর রহমান শিমুল বিশ্বাস।

প্রাথমিক পর্যায়ে ছয়টি রুটে ছয়টি কোম্পানির অধীনে মোট ৮১৬টি বাস পরিচালনার পরিকল্পনা রয়েছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) পরিকল্পনা অনুযায়ী, এসব বাসের মধ্যে ৭৯৬টি নন-এসি এবং ২০টি এসি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নতুন ব্যবস্থায় একই রুটে বিভিন্ন কোম্পানির বাসের পরিবর্তে নির্দিষ্ট কোম্পানির বাস চলাচল করবে। এতে যাত্রী ধরার অসুস্থ প্রতিযোগিতা কমার পাশাপাশি নির্ধারিত রুটে বাস পরিচালনা সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

নতুন ব্যবস্থার আওতায় চালু হওয়া ছয়টি রুট হলো—

গাজীপুরের শিববাড়ী থেকে আজিমপুর, মিরপুর চিড়িয়াখানা থেকে কেরানীগঞ্জ, ঘাটারচর থেকে ডেমরা, ঘাটারচর থেকে কাঁচপুর, ঘাটারচর থেকে ধউর, টঙ্গী থেকে আজিমপুর।

রুটভেদে বাসের রং আলাদা করার পরিকল্পনাও রয়েছে। এতে যাত্রীরা সহজেই নির্ধারিত রুটের বাস শনাক্ত করতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, শিববাড়ী-আজিমপুর রুটে ভিআইপি পরিবহনের ২৫৩টি বাস চলাচল করবে। মিরপুর চিড়িয়াখানা-কেরানীগঞ্জ রুটে চিড়িয়াখানা সিটি বাসের ১৩৩টি বাস পরিচালনার কথা রয়েছে।

এ ছাড়া ঘাটারচর-ডেমরা রুটে রমজান আলী এন্টারপ্রাইজের ৭০টি, ঘাটারচর-কাঁচপুর রুটে ফোর স্টার বাস লাইনের ১৫০টি এবং ঘাটারচর-ধউর রুটে পিএনপি সিটি সার্ভিসের ১৯০টি বাস চলাচলের পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, টঙ্গী-আজিমপুর রুটে ঢাকা চাকার ২০টি এসি বাস পরিচালনার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ডিটিসিএর পরিকল্পনায় রাজধানীর বাস নেটওয়ার্ককে পর্যায়ক্রমে আরও সুশৃঙ্খল কাঠামোর আওতায় আনার উদ্যোগ রয়েছে। এর অংশ হিসেবে নির্ধারিত বাসস্টপ, ইলেকট্রনিক টিকিটিং এবং জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংশ্লিষ্টদের প্রত্যাশা, কোম্পানিভিত্তিক বাস পরিচালনার ফলে একই রুটে যাত্রী ওঠানোর প্রতিযোগিতা কমবে। পাশাপাশি নির্ধারিত বাসস্টপ ও রুট অনুসরণ নিশ্চিত করা গেলে গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি যানজট কমাতেও ইতিবাচক প্রভাব পড়বে।

তবে নতুন কার্যক্রম শুরুর আগেই কয়েকটি কোম্পানির রুট বরাদ্দ ও বাসের ফিটনেস নিয়ে জটিলতার বিষয়টি সামনে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এসব সমস্যা সমাধানে কাজ চলছে। পর্যায়ক্রমে সব কোম্পানিকে নতুন ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD