ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহন চলাচল বন্ধ ঘোষণা

মানিকগঞ্জে সেলফি পরিবহনের বাসের ধাক্কায় দুজন নিহত হওয়ার ঘটনায় স্থানীয়দের বিক্ষোভের মুখে ঢাকা-আরিচা মহাসড়কে বাসটির চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে আন্দোলনকারীদের সঙ্গে ভিডিও কলে কথা বলে এ সিদ্ধান্ত জানান জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
এর আগে বৃহস্পতিবার সকালে পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল সেলফি পরিবহনের একটি বাস। একই সময় ঘিওর উপজেলার মৌহালী গ্রাম থেকে যাত্রী নিয়ে বরংগাইল হাটের দিকে যাচ্ছিল একটি ব্যাটারিচালিত অটোরিকশা। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসটির ধাক্কায় অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত আরেক যাত্রীকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় অটোরিকশাচালকও গুরুতর আহত হন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দুর্ঘটনার পর সেলফি পরিবহনের চলাচল বন্ধের দাবিতে স্থানীয়রা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে প্রায় ২০০ থেকে ৩০০টি যানবাহন। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, সেলফি পরিবহনের চলাচল বন্ধের ঘোষণা না আসা পর্যন্ত তাঁরা অবরোধ প্রত্যাহার করবেন না বলে জানিয়েছিলেন। পরে দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ভিডিও কলে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং বাসটির চলাচল সাময়িক বন্ধ রাখার ঘোষণা দেন। এরপর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
বিজ্ঞাপন
প্রায় তিন ঘণ্টা অবরোধ চলার পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ঢাকা পোস্টকে বলেন, জনসাধারণের দাবির পরিপ্রেক্ষিতে সেলফি পরিবহনের চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জনসাধারণকে জানিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগেও সেলফি পরিবহনের চলাচল বন্ধের দাবিতে বিভিন্ন এলাকার বাসিন্দারা একাধিকবার মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে একাধিক স্মারকলিপিও দিয়েছেন তাঁরা।








