সাজেকে দুই ঘণ্টার গোলাগুলি শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে, আহত ৬: পুলিশ সুপার

রাঙামাটির সাজেকের উজোবাজার এলাকায় অবরোধকারীদের সঙ্গে উত্তেজনা ও সংঘর্ষের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সশস্ত্র গোষ্ঠীর মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে থেমে থেমে গোলাগুলি হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন পুলিশ সুপার।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি জানান, উজোবাজার এলাকায় অবরোধকারীরা অবস্থান নেওয়ায় সাজেকে আটকে পড়া পর্যটকেরা সেখান থেকে বের হতে পারছিলেন না। পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য সড়ক ছেড়ে দিতে অবরোধকারীদের অনুরোধ জানানো হয়। কিন্তু এ সময় অবরোধকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে সেনাবাহিনী ও পুলিশের কয়েকজন সদস্য আহত হন।
পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতির একপর্যায়ে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে গুলি চালান। এর জবাবে বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এতে উজোবাজার এলাকায় বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দফায় দফায় গোলাগুলি চলে।
বিজ্ঞাপন
ঘটনার পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। তাঁর দাবি, উজোবাজার এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং সাজেকে অবস্থান করা সব পর্যটক নিরাপদে এলাকা ছেড়ে গেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সাজেকের উজোবাজারে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।








