বিজয়া দশমীতে সিঁদুর খেলতে গিয়ে নববধূর মৃত্যু

সাতক্ষীরার তালা উপজেলায় দুর্গাপূজার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনস্থলে সিঁদুর খেলার অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে তন্নি দে (২০) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। হঠাৎ বুকে ব্যথা অনুভব করে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্বজন ও স্থানীয়রা তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় পাটকেলঘাটা থানার কুমিরা বাসস্ট্যান্ড-সংলগ্ন সার্বজনীন প্রতিমা বিসর্জনস্থলে এ ঘটনা ঘটে।
নিহত তন্নি দে কুমিরা গ্রামের মহাদেব দের মেয়ে। চার মাস আগে যশোরের কেশবপুর উপজেলার এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর বাবার বাড়িতে এবারই প্রথম দুর্গাপূজা উদ্যাপন করতে এসেছিলেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয়া দশমীর সন্ধ্যায় ননদের সঙ্গে প্রতিমা বিসর্জনস্থলে যান তন্নি। সেখানে সিঁদুর খেলা এবং প্রতিমার কপালে সিঁদুর দেওয়ার আনুষ্ঠানিকতায় অংশ নেন তিনি। একপর্যায়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে মাটিতে পড়ে যান। এ সময় উপস্থিত স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
তন্নির আকস্মিক মৃত্যুতে বিসর্জনস্থলের উৎসবমুখর পরিবেশ শোকাবহ হয়ে ওঠে। মেয়েকে হারিয়ে ভেঙে পড়েন বাবা মহাদেব দেসহ পরিবারের সদস্যরা।
বিজ্ঞাপন
তালা উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার ও স্থানীয় সূত্রে এ মৃত্যুর খবর জানা গেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, নববধূর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, তন্নি হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েছিলেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।








