Logo

টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাসভাড়ায় বাড়তি চাপ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর, ২০২৬, ১২:১০
টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাসভাড়ায় বাড়তি চাপ
ছবি: সংগৃহীত

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের অবকাশ শুরু হওয়ায় রাজধানী ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকেই যাত্রাবাড়ী, সায়েদাবাদ, ধোলাইপাড় ও আশপাশের বাস টার্মিনালগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। একই সঙ্গে রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালেও বেড়েছে ঘরমুখো মানুষের চাপ।

বিজ্ঞাপন

পরিবহন মালিক ও শ্রমিকদের তথ্য অনুযায়ী, ছুটি শুরু হওয়ার পর সকাল থেকেই সায়েদাবাদ বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় যাত্রীদের উপস্থিতি বাড়তে থাকে। তবে বাড়তি যাত্রীর চাপের সুযোগ নিয়ে কোনো কোনো পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নিচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

যাত্রাবাড়ী চৌরাস্তার উত্তর প্রান্তে শরীয়তপুর রুটে চলাচলকারী ফেম পরিবহনের টিকিট বিক্রেতা শাহ আলম জানান, ছুটি শুরু হওয়ায় যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগের দিনও যাত্রীদের চাপ ছিল। তার ভাষ্য অনুযায়ী, বর্তমানে শরীয়তপুর রুটে ভাড়া নেওয়া হচ্ছে ৩০০ টাকা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শরীয়তপুরের নড়িয়ায় যাওয়ার জন্য বাসের অপেক্ষায় থাকা রনি বলেন, যাত্রী বাড়ার পাশাপাশি ভাড়াও বেড়েছে। আগে শরীয়তপুর যেতে ২৫০ টাকা লাগত। জ্বালানির দাম বাড়ার পর ভাড়া ২৮০ টাকা করা হয়। বর্তমানে যাত্রীদের কাছ থেকে ৩০০ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, বরিশালে যাওয়ার উদ্দেশ্যে পরিবারের সদস্যদের নিয়ে সায়েদাবাদের জনপথ মোড়ে অপেক্ষা করছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী জুলহাস হোসেন। ছুটির সময় পরিবারের সঙ্গে বাড়িতে যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি।

বিজ্ঞাপন

বরিশালগামী আরেক যাত্রী অভিযোগ করেন, যাত্রীর চাপ বাড়ার কারণে বাসগুলো অতিরিক্ত ভাড়া দাবি করছে। তার দাবি, এ রুটে লোকাল বাসের ভাড়া সর্বোচ্চ ৫০০ টাকা হলেও ৬০০ থেকে ৭০০ টাকার কমে বাস পাওয়া যাচ্ছে না।

কুমিল্লা রুটেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। যাত্রীদের ভাষ্য, স্বাভাবিক সময়ে এ রুটে ভাড়া ২০০ থেকে ২৫০ টাকা হলেও বর্তমানে নেওয়া হচ্ছে ৩০০ টাকা।

তবে কুমিল্লা রুটে চলাচলকারী তিশা পরিবহনের কর্মী শাহাদাত হোসেন এ অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করেন। তার দাবি, তারা সরকারি নির্ধারিত ভাড়ার বেশি আদায় করেন না। অন্য সময়ে যাত্রীদের কাছ থেকে তুলনামূলক কম ভাড়া নেওয়া হয় বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

যেভাবে মিলেছে টানা পাঁচ দিনের ছুটি

মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাঁচ দিনের ছুটি শুরু হয়েছে, যা চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। এ সময় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ারবাজার ও আদালতও বন্ধ রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমীর ছুটি নির্ধারিত ছিল। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় অবকাশের মেয়াদ বেড়ে যায়। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিনের বিরতি তৈরি হয়েছে।

এর আগে ১৭ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও সরকারি দপ্তর খোলা রাখা হয়েছিল।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দীর্ঘ ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে উৎসব উদ্‌যাপন এবং অবসর কাটানোর সুযোগ নিতে অনেকেই ঢাকা ছাড়ছেন। এ কারণে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালসহ পরিবহনের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে যাত্রীর চাপ বেড়েছে। একই সঙ্গে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে ভোগান্তিতে পড়ছেন অনেকে।

যাত্রার আগে নির্ধারিত ভাড়া ও পরিবহনের টিকিটের মূল্য যাচাই করে নেওয়া এবং অতিরিক্ত ভাড়া দাবি করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD