Logo

পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
রংপুর
২০ অক্টোবর, ২০২৬, ১২:৩০
পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় নগরীর ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরে পৌঁছান তিনি। সেখানে শিশু-কিশোরদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করছেন প্রধানমন্ত্রী। পরে পূজামণ্ডপ পরিদর্শন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময়ের কর্মসূচি রয়েছে তাঁর।

বিজ্ঞাপন

এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে বিএনপির নেতাকর্মীরা ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান। পরে বাসে করে রংপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি। পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

তাঁর সফরকে কেন্দ্র করে রংপুর নগরীতে নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কার্যক্রম জোরদার করা হয়। নগরীর বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি করতে সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট সংগঠনগুলো প্রস্তুতি নেয়।

প্রধানমন্ত্রীকে বরণে সাজানো হয়েছে রংপুর নগরী

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীর বিভিন্ন সড়ক ও রোড ডিভাইডার পরিষ্কার করে রং করা হয়েছে। ডিভাইডারে লাগানো হচ্ছে ফুলের গাছ। প্রধান সড়কের ফুটপাত দখলমুক্ত করে পরিচ্ছন্ন করা হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে সিটি করপোরেশন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ, শারদীয় দুর্গোৎসব কমিটি, সাংস্কৃতিক ঐক্য পরিষদ এবং জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে ব্যানার ও বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর যাতায়াতের জন্য নির্ধারিত সড়কগুলোতেও সংস্কারকাজ চালানো হয়। বিশেষ করে ডিসির মোড় থেকে চেকপোস্ট পর্যন্ত সড়কের কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়। এসব কার্যক্রম তদারকি করেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রংপুরের ভাওয়াইয়া সংগীত ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা—জাসাসের মহানগর ও জেলা পর্যায়ের শিল্পীরা প্রস্তুতি নেন। সাংস্কৃতিক ঐক্য পরিষদও এ উপলক্ষে বিভিন্ন আয়োজনের প্রস্তুতি গ্রহণ করে।

এ ছাড়া জেলা ও মহানগর বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, ওলামা দল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সফর সফল করতে তৎপর ছিলেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সফর ঘিরে হিন্দু সম্প্রদায়ের উচ্ছ্বাস

রাজধানীর বাইরে প্রত্যন্ত অঞ্চলে শারদীয় দুর্গোৎসবের সময় প্রধানমন্ত্রীর পূজামণ্ডপ পরিদর্শনের উদ্যোগকে ব্যতিক্রমী হিসেবে দেখছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ। তাঁদের মতে, এই সফর ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেবে।

আনন্দময়ী সেবাশ্রম মন্দিরের পূজামণ্ডপে সুবাস চন্দ্র বলেন, “আমরা তো এর আগে কখনো দেখিনি প্রধানমন্ত্রী ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শন করেন। এবার সেটা হতে যাচ্ছে। তাও আবার রংপুরে, এটা আমাদের জন্য পরম পাওয়া। আমরা ভীষণ আনন্দিত।”

বিজ্ঞাপন

শ্রী শ্রী কালীবাড়ী মন্দিরে দুর্গোৎসবে অংশ নিতে আসা জীবন ঘোষ বলেন, “আমরা যেটা ভাবিনি, প্রধানমন্ত্রী সেটা করতে যাচ্ছেন। তিনি রংপুরে আসবেন, আমাদের সঙ্গে কুশল বিনিময় করবেন, মণ্ডপ পরিদর্শন করবেন—এটা নিশ্চয়ই আনন্দের। তাকে কাছ থেকে দেখার জন্য আমার মতো অনেকেই অপেক্ষা করছেন। আমরা চাই, তার এই সফর সফল হোক, আনন্দ ও সম্প্রীতির হোক।”

রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি পার্থ বোস বলেন, প্রধানমন্ত্রী রংপুরের একটি মন্দিরে আসায় তাঁরা অত্যন্ত আনন্দিত। তাঁর ভাষ্য, প্রধানমন্ত্রী সরেজমিনে প্রত্যন্ত অঞ্চলের শারদীয় উৎসবের আয়োজন দেখতে পারবেন এবং ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এটি তাঁদের কাছে বিশেষ প্রাপ্তি।

প্রধানমন্ত্রীর সফরে চার স্তরের নিরাপত্তা

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সফর ঘিরে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), পুলিশ, বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা কার্যক্রমে যুক্ত রয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় প্রস্তুতি পর্যালোচনা করেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জেলা প্রশাসক ইসরাত জাহান জানান, প্রধানমন্ত্রী রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন। তাঁর সফর নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব ও সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন-নবী চৌধুরী ডন বলেন, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ লক্ষ্য করা যাচ্ছে। তাঁর মতে, শারদীয় উৎসবে প্রধানমন্ত্রীর এই সফর সম্প্রীতির বার্তা বহন করছে।

তিনি আরও জানান, সম্প্রতি প্রধানমন্ত্রী রংপুরের উন্নয়নে ১ হাজার ৮০০ কোটি টাকার দুটি প্রকল্পের অনুমোদন দিয়েছেন। পাশাপাশি জেলার ছয়টি সংসদীয় আসনের জন্য আরও ১২৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনা দূর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD