Logo

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উচ্ছ্বসিত সৈয়দপুরের শিক্ষার্থীরা

profile picture
জেলা প্রতিনিধি
২০ অক্টোবর, ২০২৬, ১২:৩০
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উচ্ছ্বসিত সৈয়দপুরের শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর যাওয়ার পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলার পাশাপাশি ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রী উপহার দেন তিনি। প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে বাসযোগে রংপুরের উদ্দেশে যাত্রা করার সময় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের দেখতে পান তিনি। পরে তাদের দেখে বাস থামান প্রধানমন্ত্রী।

এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে সেলফি তোলেন তারেক রহমান। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রী তুলে দেন তিনি। প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন উপহার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে।

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার পথে কলেজের সামনে শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে দেখে প্রধানমন্ত্রী বাস থামান। পরে তাদের সঙ্গে সেলফি তোলেন এবং ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রী উপহার দেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অধ্যক্ষ আরও বলেন, প্রধানমন্ত্রীর কাছে কলেজের অবকাঠামো উন্নয়নের অনুরোধ জানানো হয়েছে। কলেজের জন্য দুটি ছাত্রাবাস ও একটি হলকক্ষ চাওয়া হয়েছে। এ বিষয়ে লিখিতভাবেও প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, রংপুরে ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বিমানে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন তিনি।

রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছে দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন।

বিজ্ঞাপন

পরে রাজশাহী থেকে বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম শেষে রাতে বিমানে ঢাকায় ফিরবেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD