Logo

শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী, মণ্ডপে মণ্ডপে বিদায়ের বিষাদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর, ২০২৬, ১১:৫৯
শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী, মণ্ডপে মণ্ডপে বিদায়ের বিষাদ
ছবি: সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী। পূজা-অর্চনা, অঞ্জলি নিবেদন, প্রসাদ বিতরণ ও নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি পালন করবেন ভক্তরা। দুর্গোৎসবের শেষ পর্ব শুরু হওয়ায় উৎসবের আনন্দের পাশাপাশি পূজামণ্ডপগুলোতে ধীরে ধীরে অনুভূত হচ্ছে দেবী দুর্গার বিদায়ের আবহ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকেই দেশের বিভিন্ন পূজামণ্ডপে মহানবমীর পূজা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দিনভর পূজা-অর্চনা এবং ভক্তদের অংশগ্রহণে মুখর থাকবে মণ্ডপগুলো। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দেবীর মহাআরতি। পাশাপাশি নবমী হোমসহ বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেবেন পূজারি ও দর্শনার্থীরা।

হিন্দুশাস্ত্রীয় রীতি অনুযায়ী, অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয় বিশেষ ধর্মীয় আয়োজন সন্ধিপূজা। অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট এবং নবমী তিথির প্রথম ২৪ মিনিট—মোট ৪৮ মিনিট ধরে এ পূজা সম্পন্ন করা হয়। এ সময় দেবী চামুণ্ডার আরাধনা করা হয়। প্রচলিত রীতি অনুসারে, ১০৮টি প্রদীপ প্রজ্বালন ও ১০৮টি পদ্মফুল নিবেদনের মধ্য দিয়ে সন্ধিপূজা অনুষ্ঠিত হয়।

পুরাণের বর্ণনায় দেবী দুর্গার অসুরবিনাশের মধ্য দিয়ে অশুভ শক্তির পরাজয় এবং শুভ শক্তির বিজয়ের কথা তুলে ধরা হয়েছে। চণ্ড, মুণ্ড ও রক্তবীজসহ অসুরদের বিরুদ্ধে দেবীর বিজয়ের সেই পৌরাণিক বিশ্বাসকে ধারণ করেই মহানবমীতে ভক্তরা দেবীর আরাধনায় অংশ নেবেন।

বিজ্ঞাপন

মহানবমীর পূজা-অর্চনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভক্তদের মনে বাড়তে থাকবে বিদায়ের অনুভূতি। কারণ, বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মর্ত্যে পূজা গ্রহণের পর দেবী দুর্গা ফিরে যাবেন কৈলাসে।

গত শনিবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে বিজয়া দশমীতে। উৎসবজুড়ে ভক্তি, আনন্দ ও সম্প্রীতির যে পরিবেশ তৈরি হয়েছে, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটবে। তবে দেবীর আগমন, পূজার আনন্দ এবং বিদায়ের আবেগের স্মৃতি ভক্তদের মনে থেকে যাবে দীর্ঘদিন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD