গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল তিন মাসের মধ্যে চুনকুটিয়ায় স্থানান্তর

সর্বোচ্চ তিন মাসের মধ্যে রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
বিজ্ঞাপন
শনিবার (৩ অক্টোবর) মহাখালী টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, কেরানীগঞ্জের চুনকুটিয়ায় ঝিলমিল প্রকল্পের ১০ একর জায়গায় বাস ডিপো তৈরির কাজ শুরু হয়েছে। ডিপোর কাজ শেষ হলেই গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাসগুলো সেখানে স্থানান্তর করা হবে।
তিনি জানান, ঝিলমিল প্রকল্পে ডিপো নির্মাণের জন্য সরকার ইতোমধ্যে জায়গা ব্যবহারের অনুমতি দিয়েছে। পাশাপাশি রাজউকের মাধ্যমে আরও প্রায় ৭৫ একর জায়গা পাওয়ার পরিকল্পনা রয়েছে। ওই জায়গায় স্থায়ীভাবে টার্মিনাল ও ডিপো গড়ে তোলা হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
চুনকুটিয়ায় দক্ষিণবঙ্গগামী ১৯টি জেলার পরিবহনগুলো স্থানান্তরের পরিকল্পনা রয়েছে জানিয়ে মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, এর পাশাপাশি ট্রাক এবং বাদামতলী আড়তের ট্রাকও সেখানে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
স্থানান্তরের সময়সীমা সম্পর্কে তিনি বলেন, সর্বোচ্চ তিন মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফুলবাড়িয়া ও গুলিস্তানের বাসগুলো চুনকুটিয়ায় সরিয়ে নেওয়া হবে।
মহাখালী টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, টার্মিনালটি নির্ধারিত শৃঙ্খলার মধ্যে পরিচালিত হবে। কেউ সামান্য অনিয়মের চেষ্টা করলেও তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, মহাখালী টার্মিনালের বাস পূর্বাচলের ডিপোতে স্থানান্তরের যে প্রক্রিয়া চলছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই অন্যান্য টার্মিনালের ব্যবস্থাপনা পুনর্বিন্যাস করা হচ্ছে।
এ সময় উপস্থিত সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ঢাকা মহানগরের অসহনীয় যানজট এবং সড়ক পরিবহন খাতের বিশৃঙ্খলায় মানুষ অতিষ্ঠ। এ পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন এবং তারা সেই পরিবর্তন চান।








