দীর্ঘ ২৩ বছর পর চট্টগ্রাম বন্দর থেকে সরছে বিপজ্জনক রাসায়নিক

দীর্ঘ ২৩ বছর ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা বিপজ্জনক ও মেয়াদোত্তীর্ণ রাসায়নিক পণ্য অপসারণের কার্যক্রম শুরু হয়েছে। ২০০৩ সাল থেকে আটকে থাকা নয়টি কনটেইনারে থাকা ১৫০ দশমিক ৮৯ মেট্রিক টন রাসায়নিক পরিবেশসম্মত উপায়ে ধ্বংসের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস।
বিজ্ঞাপন
শনিবার (৩ অক্টোবর) প্রথম ধাপে ১০৬ টন রাসায়নিক পণ্য চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে পাঠানো হয়েছে। সেখানে নির্ধারিত প্রক্রিয়ায় এসব রাসায়নিক ধ্বংস করা হবে।
চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, কনটেইনারগুলোতে থাকা রাসায়নিকের মধ্যে ১৩ হাজার ৮০০ কেজি থিনার এবং ৯২ হাজার ৫৪৪ কেজি মিথানল রয়েছে। দীর্ঘদিন বন্দরে পড়ে থাকায় এসব রাসায়নিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
চট্টগ্রামে বিপজ্জনক রাসায়নিক ধ্বংসের প্রয়োজনীয় অবকাঠামো ও পরিবেশগত সুবিধা না থাকায় এগুলো নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়াটা কেমিক্যালস লিমিটেডের কারখানায় পাঠানো হচ্ছে। সেখানে রোববার থেকে বৈজ্ঞানিক ও নিরাপদ পদ্ধতিতে রাসায়নিক ধ্বংসের প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি)-এর সুপারিশের ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে পড়ে থাকা কনটেইনারগুলো সরিয়ে বন্দরের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কনটেইনার জট কমানোও এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য।
চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মো. রাসেল আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে বন্দরে পড়ে থাকা বিপজ্জনক ও মেয়াদোত্তীর্ণ রাসায়নিক অপসারণের ফলে নিরাপত্তাঝুঁকি কমবে। একই সঙ্গে বন্দরের জায়গা ব্যবহারের সুযোগও বাড়বে।
তিনি জানান, গত ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম কাস্টমসের সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী শনিবার এসব বিপজ্জনক রাসায়নিক নারায়ণগঞ্জে পাঠানো হয়েছে।








