Logo

সীমান্ত থেকে শিল্পাঞ্চল, সারাদেশে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ সরকারের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর, ২০২৬, ২০:৩৮
সীমান্ত থেকে শিল্পাঞ্চল, সারাদেশে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ সরকারের
ছবি: সংগৃহীত

নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতা ঠেকাতে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে সরকার। সীমান্ত এলাকা থেকে শুরু করে শিল্পাঞ্চল, বিমানবন্দর, রেলস্টেশন, আদালত ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় বাড়ানো হয়েছে নজরদারি। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সীমান্তে টহল এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সীমান্তে সার্বক্ষণিক নজরদারি, জোরালো টহল এবং গোয়েন্দা কার্যক্রম বাড়ানোর নির্দেশ দিয়েছেন। সীমান্ত অপরাধ, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা পরিদর্শনকালে বিজিবিপ্রধান এসব নির্দেশ দেন। এ সময় তিনি সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি এবং অভিযান পরিচালনার প্রস্তুতি পর্যালোচনা করেন। পরিদর্শনের অংশ হিসেবে বিলোনিয়া ও আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টসহ কয়েকটি সীমান্ত ফাঁড়ি ঘুরে দেখেন তিনি। সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবিলায় সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনাও দেন।

গত ১ থেকে ২১ নভেম্বরের মধ্যে থানা, হাসপাতাল, পরিবহণ সেবা, রাজনৈতিক নেতাদের বাসভবন, গ্রামীণ ব্যাংকের শাখা এবং বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা ও ভাঙচুরের একাধিক ঘটনার পর দেশজুড়ে নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বিমানবন্দর, রেলস্টেশন, আদালত, সচিবালয়, সমুদ্রবন্দর, শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সহিংসতা প্রতিরোধ ও অবকাঠামো সুরক্ষায় বিজিবি ঢাকা এবং দেশের আরও ছয়টি জেলায় ১০১ প্লাটুন সদস্য মোতায়েন করেছে। গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুই ব্যাটালিয়ন সদস্য। এ ছাড়া ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও অভিযান সমন্বয়ে প্রযুক্তিনির্ভর নজরদারিও চালু করেছে বিজিবি। এ কার্যক্রমে ড্রোন, বডিওর্ন ক্যামেরা এবং আধুনিক প্রযুক্তির অন্যান্য সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

এদিকে, গোপালগঞ্জের দুটি থানায় অগ্নিসংযোগের ঘটনার পর জেলা পরিদর্শনে গিয়ে নাশকতা ও বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

গোপালগঞ্জের বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি এই এলাকার শান্তিপ্রিয় মানুষকে নাশকতা ও বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি।’

বিজ্ঞাপন

জেলার দুটি থানা পুড়িয়ে দেওয়ার প্রসঙ্গ তুলে আইজিপি প্রশ্ন করেন, পুলিশের থানাতেই যদি আগুন দেওয়া হয়, তাহলে পুলিশ কীভাবে আইনশৃঙ্খলা রক্ষা করবে।

অন্যদিকে, শিল্পাঞ্চল, সরকারি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নয়টি জেলায় আনসার ব্যাটালিয়নের ৫৩ প্লাটুন সদস্য মোতায়েন করেছে।

রাজধানীতেও অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ নাশকতা, অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদক পাচার, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে বলেছেন।

বিজ্ঞাপন

গত রোববার অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভায় তিনি পুলিশ কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় অভিযান জোরদার এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন।

তাৎক্ষণিক নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি পুলিশ সদরদপ্তর দীর্ঘমেয়াদি সংস্কার পরিকল্পনাও হাতে নিয়েছে। গত জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে গঠিত আটটি উপকমিটির সুপারিশের ভিত্তিতে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রস্তাবিত সংস্কার কার্যক্রমে গোয়েন্দা তথ্য সংগ্রহ, সন্ত্রাসবাদ দমন, রাজনৈতিক সহিংসতা, সংঘবদ্ধ অপরাধ, সীমান্ত নিরাপত্তা এবং প্রযুক্তিনির্ভর পুলিশিংকে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশের জনবল, প্রশিক্ষণ ও লজিস্টিক সক্ষমতা বাড়ানোর বিষয়েও পরিকল্পনা রয়েছে। বডিওর্ন ক্যামেরা এবং স্মার্ট ট্র্যাকিং ব্যবস্থার ব্যবহার সম্প্রসারণের বিষয়টিও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টদের মতে, নাশকতা প্রতিরোধ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন বাহিনীর সমন্বিত কার্যক্রম জোরদার করা হচ্ছে। দেশজুড়ে সদস্য মোতায়েন, সীমান্তে নজরদারি বৃদ্ধি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনার মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উদ্যোগ নিয়েছে সরকার।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD