Logo

ঢাকাসহ বিভিন্ন জেলায় নিরাপত্তায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর, ২০২৬, ১১:৪২
ঢাকাসহ বিভিন্ন জেলায় নিরাপত্তায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে দায়িত্ব পালন করছে দুই ব্যাটালিয়ন বিজিবি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে মোট ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও জনসমাগমপূর্ণ বিভিন্ন স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন মোতায়েন করা সদস্যরা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এসব প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজিবির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে কাজ করছে বাহিনীটি।

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি প্রস্তুত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD