Logo

১৫ বছরের চুক্তিতে শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৬, ১৮:১৭
১৫ বছরের চুক্তিতে শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপানি কোম্পানির হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সঙ্গে প্রতিষ্ঠানটির ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি হতে যাচ্ছে।

বিজ্ঞাপন

প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, জাপানি কোম্পানির কাছ থেকে অগ্রিম ৮১ লাখ মার্কিন ডলার পাবে বাংলাদেশ সরকার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। এ ছাড়া যাত্রী ও কার্গো পরিবহন থেকে অর্জিত রাজস্বের নির্ধারিত অংশও পাবে সরকার।

সোমবার (২৩ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রস্তাবটি সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কাঠামোর আওতায় বাস্তবায়ন করা হবে। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের অধীনে জাপানি সাব-ওয়ার্কিং গ্রুপের (এসডব্লিউজি) মাধ্যমে টার্মিনালটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তৃতীয় টার্মিনাল নির্মাণের পর এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেতে আগ্রহ প্রকাশ করে জাপানি প্রতিষ্ঠানটি। এ বিষয়ে তারা একটি আর্থিক প্রস্তাব জমা দেয়। পরে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ প্রস্তাবটি পর্যালোচনা করে দর-কষাকষি সম্পন্ন করে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এরপর প্রস্তাবিত কনসেশন চুক্তিটি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের মাধ্যমে আইনগতভাবে যাচাই করা হয়। ভেটিং শেষে অর্থ বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ডের মতামত নিয়ে চুক্তির শর্তগুলো চূড়ান্ত করা হয়েছে।

চুক্তির আওতায় ১৫ বছর টার্মিনালটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে জাপানি কোম্পানি। এ জন্য প্রতিষ্ঠানটিকে অগ্রিম ৮১ লাখ মার্কিন ডলার পরিশোধ করতে হবে।

রাজস্ব ভাগাভাগির ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত রাখা হয়েছে। যাত্রী পরিবহনের মাধ্যমে অর্জিত মোট রাজস্বের ২৭ শতাংশ অথবা প্রত্যেক যাত্রীর বিপরীতে ২ দশমিক ১ মার্কিন ডলার সরকার পাবে। অন্যদিকে কার্গো পরিবহনের ক্ষেত্রে মোট রাজস্বের ২৭ শতাংশ অথবা প্রতি মেট্রিক টনে ১১ দশমিক ৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া এমবারকেশন ফি বাবদ ১২ দশমিক ৫ মার্কিন ডলারের বিষয়টিও চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে। বর্তমানে এই খাতে যাত্রীদের কাছ থেকে স্থানীয় মুদ্রায় ৫০০ টাকা আদায় করা হয়।

গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনার বিষয়েও চুক্তিতে আলাদা বিধান রাখা হয়েছে। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোর গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত সেবা দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত অনুযায়ী, প্রকল্প হস্তান্তরের তারিখ থেকে সর্বোচ্চ ১৪ মাসের মধ্যে তৃতীয় টার্মিনালের পূর্ণাঙ্গ পরিচালন কার্যক্রম শুরু করতে হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২২ হাজার ২১৩ কোটি ৯ লাখ ৬৪ হাজার টাকা। ২০১৬ সালের ১ জুলাই প্রকল্পটির কাজ শুরু হয়। এর মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD