জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু করল ডিএসসিসি

রাজধানীর জলাবদ্ধতা নিরসন, খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা এবং ডেঙ্গুর প্রকোপ কমাতে দক্ষিণ ও উত্তর কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এ প্রকল্পের আওতায় প্রায় দুই কিলোমিটার খাল পরিষ্কারের পাশাপাশি বিপুল পরিমাণ বর্জ্য ও পলি অপসারণ করা হবে।
বিজ্ঞাপন
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
প্রকল্পের আওতায় দক্ষিণ কুতুবখালী খালের ধোলাইপাড়ের গোলাপবাগ সংলগ্ন এলাকা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী অংশ পর্যন্ত এবং উত্তর কুতুবখালী খালের মহাসড়ক থেকে শনির আখড়া আন্ডারপাস পর্যন্ত পরিষ্কার ও পুনঃখনন করা হবে। দুই অংশ মিলিয়ে মোট ১ দশমিক ৯৭৫ কিলোমিটার খাল সংস্কারের পরিকল্পনা রয়েছে।
আগামী দুই মাসের মধ্যে খাল থেকে প্রায় ১১ হাজার ১৪৫ ঘনমিটার বর্জ্য ও পলি অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ডিএসসিসি। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে খালের দুই পাশে গাছ লাগানো হবে।
বিজ্ঞাপন
সিটি কর্পোরেশনের ৫০ ও ৬২ নম্বর ওয়ার্ডের আওতাধীন এ কার্যক্রম বাস্তবায়িত হলে প্রায় ১৫ লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন বলে আশা করছে কর্তৃপক্ষ। খালের পানিপ্রবাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি এলাকার জলাবদ্ধতা কমবে এবং মশার প্রজননস্থল ধ্বংসে সহায়ক হবে এ উদ্যোগ।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. আবদুস সালাম খাল রক্ষায় নগরবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, "ঢাকা শহরের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যমগুলোর মধ্যে কুতুবখালী খাল অন্যতম। এর আগেও একাধিকবার খালটি পরিষ্কার করা হয়েছে, এমনকি আমি দায়িত্ব নেওয়ার পরও উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু পলিথিন ও ময়লা-আবর্জনা ফেলার কারণে খালটি বারবার ভরাট হয়ে যাচ্ছে। জনগণ সচেতন না হলে এবং নিজেদের ভালো নিজেরা না বুঝলে শুধু সিটি কর্পোরেশনের পক্ষে এই সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব নয়।"
খাল পরিষ্কারের পর সেটি আবারও ময়লা-আবর্জনায় ভরাট হওয়া ঠেকাতে স্থানীয় বাসিন্দাদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। প্রশাসক বলেন, খালে যেন কেউ পলিথিন ও বর্জ্য না ফেলে এবং খালের জায়গা দখল করে দোকানপাট গড়ে না তোলে, সে বিষয়ে এলাকাভিত্তিক সামাজিক প্রতিরোধ ও দায়িত্ববোধ তৈরি করতে হবে।
বিজ্ঞাপন
দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দিয়ে মো. আবদুস সালাম বলেন, "আমরা কোনো পরনির্ভরশীলতা চাই না, নিজেদের পায়ে দাঁড়াতে চাই এবং নিজের দেশ নিজেরাই গড়তে চাই। এ জন্য সবাইকে সরকারকে সহযোগিতা করতে হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে থাকতে হবে, যাতে তিনি সফল হতে পারেন।"
বিরোধী দলের নেতাকর্মীদেরও নগর পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, "আসুন, দলমত নির্বিশেষে সবাই মিলে ড্রেন ও খাল পরিষ্কার করি এবং ডেঙ্গুর হাত থেকে নগরবাসীকে রক্ষা করি। এ ধরনের জনকল্যাণমূলক কাজে কোনো বাধা নেই; সিটি কর্পোরেশন সব সময় আপনাদের পাশে আছে এবং থাকবে।"
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীন ২২টি ছোট-বড় খাল পুনরুদ্ধার, পুনঃখনন ও পরিষ্কারের বিশেষ কর্মসূচি গত ১৬ নভেম্বর শুরু হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ১৬ নভেম্বর কোনাপাড়া-কদমতলা খাল এবং ১৮ নভেম্বর ডগাইর-বামৈল খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়। কুতুবখালী খালের কাজও সেই ধারাবাহিক উদ্যোগের অংশ।








